ধলেশ্বরী খননের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধলেশ্বরী নদী খননের দাবিতে মানিকগঞ্জে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের বাজার সেতু এলাকায় স্যাক মিলনায়তনে সভার আয়োজন করে পাখি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণবিষয়ক স্থানীয় সংগঠন ‘পালক’।
বেলা ১১টার দিকে সভায় সভাপতিত্ব করেন পালকের সভাপতি জাহিদুর রহমান। বক্তব্য দেন পরিবেশবিদ আনিসুজ্জামান খান, নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির হোসাইন, স্যাকের নির্বাহী পরিচালক দীপক কুমার ঘোষ, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আজাহারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায় প্রমুখ।
আজাহারুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীর আশপাশে রয়েছে ফসলি জমি। কিন্তু সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় এ নদীর উৎসমুখ ভরাট হওয়ায় এটি তার স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে। নদীর উৎসমুখ খনন করা হলে পানির প্রবাহ অনেকটা নিশ্চিত হবে।
মনির হোসাইন বলেন, কালের বিবর্তনে ভরাট, দখল ও দূষণের কবলে পড়ে বাংলাদেশের নদ-নদীগুলো বিপন্ন হতে চলেছে। অনেক নদী স্বাভাবিকতা হারিয়েছে। অনেক নদী আবার বিলুপ্ত হয়ে গেছে। নদীর এই নেতিবাচক পরিবর্তনের কারণে মানুষের পেশারও পরিবর্তন ঘটছে। মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে নদীগুলোর স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হবে। এ জন্য গুরুত্বপূর্ণ নদীগুলোকে পর্যায়ক্রমে ড্রেজিংয়ের আওতায় আনতে হবে।