ধলেশ্বরী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি ইটভাটা ও নদীর তীর দখল করে স্থাপন করা ঘেরসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে এ অভিযান পরিচালিত হয়। কর্মকর্তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর বক্তাবলি ও গোপালনগর এলাকায় অভিযান চালান।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সকালে ঢাকা নদীবন্দরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর বক্তাবলি ও গোপালনগর এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদকারীরা ওই এলাকার ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা এনএসপি, এসএসবি, আরবিএম, মেসার্স চিশতিয়া ব্রিক, খাদেজা ব্রিক, কেএমবি ব্রিক ও ইউএসবির তিনটি ইটভাটাসহ ১২টি ইটভাটার দখলকৃত জমির অংশ, নদীর তীরে বাঁশ দিয়ে ঘেরা বালুর ভিটা ও একটি আধা পাকা স্থাপনা উচ্ছেদ করে।
ঢাকা নদীবন্দরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর বক্তাবলি ও গোপালনগর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ১২টি ইটের ভাটার জায়গার অংশবিশেষ, নদীর তীরে বাঁশ দিয়ে ইট-বালুর ভিটা, একটি আধা পাকা স্থাপনাসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীর তীরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ পর্যায়ক্রমে চলবে। তীরে অবৈধ স্থাপনা গড়তে দেওয়া যাবে না।