ধলেশ্বরী থেকে বাঁধ অপসারণের নির্দেশ, দুই লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীতে বাঁধ দেওয়ায় সাতজন বালু ব্যবসায়ীকে গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। নদীর প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে আজ বৃহস্পতিবারের মধ্যে তাঁদের বাঁধ অপসারণসহ ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কতিপয় বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদীতে বাঁধ দিয়ে ওই বাঁধের ওপর দিয়ে বালু পরিবহন করে আসছিলেন। বাঁধ নির্মাণের কারণে ধলেশ্বরী নদীবক্ষের ছয় হাজার বর্গফুট এলাকা বেদখল হয়ে যায়, যা নদীর পরিবেশ ও প্রতিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। শুকনো মৌসুমে পানি না থাকলেও বর্ষায় নদীটিতে পানির প্রবাহ থাকে এবং নৌকা চলাচল করে। বাঁধের কারণে বর্ষায় পানির প্রবাহ বিঘ্নিত হবে।স্থানীয় তদন্তের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদপ্তরে বালু ব্যবসায়ীদের তলব করা হয়। বালু ব্যবসায়ী মো. বাতেন মিয়া, ফরিদ, কায়ছার, সাজিদ মিয়া, আবদুর রহিম খান, মো. শহীদ খান ও মো. লিটন মিয়া গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরে উপস্থিত হন। তাঁরা কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন এবং ভবিষ্যতে পরিবেশ বিধ্বংসী কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। কিন্তু পরিবেশ অধিদপ্তর আজ বৃহস্পতিবারের মধ্যে বাঁধ অপসারণসহ ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেয়। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ আলীকে উপস্থিত থেকে বাঁধ অপসারণের কাজ তদারকেরও নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্দেশ অমান্য করা হলে পরিবেশ আইনে মামলা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার এবং বাঁধ নির্মাণের কাজে ব্যবহূত মালামাল, সরঞ্জাম ও স্থাপনা জব্দ করা হবে। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের প্রধান হয়েও উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁধ নির্মাণের কাজে কেন বাধা দেননি, সে জন্য ওই কর্মকর্তাকে ভর্ৎসনা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে নদ-নদীসহ সার্বিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কঠোরভাবে উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে।