ধলেশ্বরী থেকে মাটি কাটায় ৩ জনকে কারাদণ্ড
কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীর থেকে মাটি কাটার সময় হাতেনাতে ধরে তিনজকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুহিতপুর ইউনিয়নের বিসিক শিল্প নগরীর পশ্চিম পাশের সোনাকান্দা এলাকায় এ অভিযান চালান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম মাটি ব্যবসায়ী মো. কাশেমকে (২৪) দুই বছরের, মো. সোহাগ মিয়াকে (২৮) দুই বছর ও মো. ফয়সালকে (৩০) ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন। তাঁরা সোনাকান্দা এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুরে ওই এলাকায় প্রকাশ্যে ধলেশ্বরী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন শতাধিক শ্রমিক। এ সময় সেখানে ভ্রাম্যামাণ আদালত তাঁদের আত্মসমর্পণ করতে বললে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালত বাধ্য হয়ে একটি ফাঁকা গুলি ছোড়েন। পরে পুলিশের সহযোগিতায় ওই তিন মাটি ব্যবসায়ীকে আটক করে শাস্তি দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, মাটি কাটার ফলে নদীর গতিপথ নষ্ট হয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মাটি চুরি ও নদীর গতিপথ নষ্ট করার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্ত লোকজনকে আত্মসমর্পণ করতে বললে তাঁরা দৌড়ে পালাতে চাইলে একটি ফাঁকা গুলি ছোড়া হয়।