ধলেশ্বরী নদী খননের দাবিতে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী খননের দাবিতে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের বাজার সেতু এলাকায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি ও বারসিক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আজাহারুল ইসলাম। এতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব আবদুল হামিদ, কমিটির যুগ্ম আহ্বায়ক দীপক কুমার ঘোষ, চিকিৎসক পঙ্কজ মজুমদার, কমিটির সমন্বয়ক বিমল রায়, কমিটির সদস্য লুৎফর রহমান, মো. হানিফ আলী ও আবদুল মোমিন।
জানা গেছে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিঙ্গাইর এ তিন উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ধলেশ্বরী। এসব উপজেলার সহস্রাধিক একর জমির কৃষিকাজে এ নদীর পানি ব্যবহৃত হতো। মানুষের জবরদখল ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এ নদীর আগের অবস্থা আর নেই। বর্ষাকালে দুই-তিন মাস ছাড়া বাকি সময়ে নদীতে পানি না থাকায় কৃষি ও কৃষকের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এর পরিপ্রেক্ষিতে নদীটি খননের জন্য ‘ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক আজাহারুল ইসলাম বলেন, উৎসমুখ সাটুরিয়া উপজেলার তিল্লী থেকে জেলা সদরের জাগীর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার খনন করা হলে নদীটি স্বাভাবিক গতি পাবে। এ কারণে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ পরিবেশবাদী সংগঠনগুলো নদী খননের দাবি জানিয়ে আসছে। দুই বছর ধরে খননের দাবিতে তাঁরা সভা-সমাবেশ, মানববন্ধন, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২৯ অক্টোবর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম নদীর তিল্লী এলাকা পরিদর্শন করে খননের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তবে দুই বছর অতিবাহিত হলেও নদী খননে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কাছে নদীটি খননের দাবি জানিয়ে সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।