ধলেশ্বরী নদী খননের দাবিতে সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেহের শিরা-উপশিরায় রক্তপ্রবাহ ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, তেমনি নদীতে পানির প্রবাহ ছাড়াও বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। দেশের অর্থনৈতিক উন্নয়নে নদী ও এর পানির প্রয়োজনীয়তা অপরিসীম। এ কারণে ধলেশ্বরী নদী খনন এখন মানিকগঞ্জবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
মানিকগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় ধলেশ্বরী নদী রক্ষা কমিটির আহ্বায়ক আজাহারুল ইসলাম এসব কথা বলেন। ধলেশ্বরী নদী রক্ষা, নদীর অবৈধ দখল প্রতিরোধ, পানিদূষণ ও স্বাভাবিক গতি প্রবাহের প্রতিবন্ধকতা দূরীকরণসংক্রান্ত এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা নির্বাহী প্রকৌশলী আবু তাহের, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক শাজাহান মৃধা, শরিফ জামান ও মিহির বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার, বেসরকারি সংস্থা বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায়, ধলেশ্বরী নদী রক্ষা কমিটির সদস্যসচিব আবদুল হামিদ প্রমুখ।
আয়োজকেরা বলেন, দুই বছর ধরে ধলেশ্বরী নদী খননের দাবিতে নাগরিকেরা মানববন্ধন, লিফলেট বিতরণ, সভা-সমাবেশসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করে আসছেন। এ ছাড়া এই নদী খননের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। সম্প্রতি এই বিষয়টি জাতীয় নদী রক্ষা কমিশনের দৃষ্টিগোচর হলে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদী খননে প্রথমে জরিপ (সার্ভে) প্রয়োজন। এ জন্য শিগগিরই জাতীয় নদী রক্ষা কমিশন এবং জেলা প্রশাসনের জরিপকারীদের নিয়ে যৌথভাবে একটি জরিপ কমিটি গঠন করা হবে।