ধলেশ্বরী নদী থেকে সাত ভাটার অবৈধ দখল উচ্ছেদ
মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী দখলে নিয়ে করা ইটভাটার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল অভিযানের তৃতীয় দিনে ফতুল্লার বক্তাবলীতে সাতটি ইটভাটার অবৈধ দখল থেকে নদীকে মুক্ত করা হয়।
এর আগে মঙ্গল ও বুধবার দুই দিনে মিরকাদিম পৌরসভার গোপচর এলাকায় পাঁচটি ইটভাটার অবৈধ দখল উচ্ছেদ করা হয়। নারায়ণগঞ্জ নদী বন্দর সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় বক্তাবলীতে নদী দখলে নিয়ে স্থাপন করা ইটভাটার অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়। একটি এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে বেলা সাড়ে তিনটার মধ্যে সাতটি ভাটায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এর মধ্যে পাঁচটি ভাটার নদীতে স্থাপন করা বাঁশের পাইলিং উচ্ছেদ করা হয়। অন্য দুটি ভাটায় বাঁশের পাইলিংসহ মাটি অপসারণ করা হয়।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নদীর অংশে বাঁশ পুঁতে তার ওপর মাটি ভরাট করে দখল করা হয়। এরপর দখলকৃত স্থানে স্থাপন করা হয় ইটভাটা। এভাবে মিরকাদিমের গোপচর থেকে নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় নদী দখল করে কমপক্ষে অর্ধশত ইটভাটা গড়ে ওঠে।
স্থানীয় সূত্র জানায়, মিরকাদিম পৌরসভার গোপচর ও আলীরটেক থেকে ধর্মগঞ্জ পর্যন্ত নদীর তীর ও নদী দখল করে ইটভাটা নির্মাণের কারণে নদীপথ সরু হয়ে গেছে। গতিপথ পরিবর্তনের কারণে নদীও শুকিয়ে গেছে। ফলে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে নৌপথ প্রশস্তকরণসহ নদীকে অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছে মিরকাদিম পৌরসভার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক গোলাম মোস্তফা বলেন, গত তিন দিনে ধলেশ্বরী নদীর মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ অঞ্চলে মোট ১২টি ইটভাটার অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। নদী দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।