ধলেশ্বরী নদী রক্ষার দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জে ধলেশ্বরী নদী রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জাগীর এলাকায় মৃতপ্রায় নদীর পাশে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় স্থানীয়দের এই কর্মসূচিতে সংহতি জানায় বাংলাদেশ নদী আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে জাগীর ইউপি চত্বরে বেসরকারি সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) সহযোগিতায় ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি গণসমাবেশের আয়োজন করে।
এতে আন্দোলন কমিটির আহ্বায়ক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, পবার চেয়ারম্যান আবু নাসের খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারেক চৌধুরী, বাপার যুগ্ম সম্পদক শরীফ জামিল, পবার যুগ্ম সম্পাদক আসলাম খান, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের সদস্যসচিব আবদুল হামিদ, স্থানীয় জাগীর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন এবং বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায়।
আয়োজক কমিটির লোকজন জানান, দখল, দূষণ ও পলি মাটিতে ভরাট হয়ে নদীটি এখন মৃতপ্রায়। তিল্লী এলাকা থেকে জাগীর পর্যন্ত ধলেশ্বরীর প্রায় ১০ কিলোমিটার খনন করা জরুরি।