ধলেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে স্মারকলিপি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী গ্রামগুলো ভাঙনের হুমকির মুখে পড়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ভাঙন ঠেকাতে দ্রুত অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গতকাল রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়েছে, কয়েক মাস ধরে বাদল মিয়া নামের এক ব্যক্তি প্রভাবশালীদের মদদে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে ধলেশ্বরী নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। নদীবেষ্টিত বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের গ্রামগুলো দিন দিন ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হওয়ার হুমকিতে রয়েছে। কৃষিজমি হুমকির মুখে পড়ছে। এলাকার কৃষিনির্ভর পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুর রহমান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।