ধলেশ্বরী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গতকাল ধলেশ্বরী নদীর তীরে উচ্ছেদ অভিযান চালায় l প্রথম আলো
ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গতকাল ধলেশ্বরী নদীর তীরে উচ্ছেদ অভিযান চালায় l প্রথম আলো

ধলেশ্বরী নদীর তীরে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গতকাল শুক্রবার ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সকালে দক্ষিণ কেরানীগঞ্জের গলগলিয়া এলাকায় ধলেশ্বরী সেতুসংলগ্ন দ্বীন টিম্বার ইন্ডাস্ট্রিজের তৃতীয় তলা ভবনের অংশ উচ্ছেদ করতে যান কর্মকর্তারা। এ সময় দ্বীন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হকের লোকজন এসে সুপ্রিম কোর্টের চেম্বার বেঞ্চের উচ্ছেদসংক্রান্ত স্থগিতাদেশের একটি কাগজ তাঁদের দেখান। এরপর উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া লোকজন তাঁদের ব্যবহৃত সরঞ্জাম অন্যত্র সরিয়ে নেন।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ সালেহীন বলেন, দ্বীন ইন্ডাস্ট্রিজের পক্ষে সুপ্রিম কোর্ট চেম্বার বেঞ্চ এই স্থাপনাটি উচ্ছেদের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন বলে মালিক দাবি করছে।
পরে উচ্ছেদ অভিযানকারীরা মধ্যেরচর ও কুন্দুলিয়া এলাকায় অভিযান শুরু করেন। তাঁরা মধ্যেরচর এলাকায় আকু বোর্ড বিল্ডার্স কারখানায় আধা পাকা ভবন ও টিনশেডের কয়েকটি ঘর উচ্ছেদ করেন। এ ছাড়া চর গলগলিয়া এলাকায় থ্রি ব্রাদার্স ব্রিক কোম্পানির সীমানাদেয়াল, নির্মাণাধীন একতলা ভবনের অংশ ও এনবিএম ব্রিক ফিল্ডের আধা পাকা স্থাপনার অংশ উচ্ছেদ করেন।
ঢাকা নদীবন্দর সূত্র জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের চর গলগলিয়া মৌজায় ধলেশ্বরী নদীর তীরে মেসার্স হোসেন এন্টারপ্রাইজ, দ্বীন টিম্বার ইন্ডাস্ট্রিজ, পাওয়ার প্যাক কোম্পানি লিমিটেডের জেটি ও পন্টুন এবং মেসার্স থ্রি ব্রাদার্সের ব্রিক কোম্পানি ও এবিএম ব্রিক কোম্পানির স্থাপনা উচ্ছেদের তালিকায় রয়েছে।
বিআইডব্লিউটিএর পরিচালক শফিকুল হক বলেন, এ অভিযান চলমান প্রক্রিয়া। ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। দখলদারদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।