ধলেশ্বরী রক্ষায় আন্দোলনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের অন্যতম নদী ধলেশ্বরী রক্ষায় কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জেলা আইনজীবী সমিতি ভবনে গতকাল বুধবার দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এই ঘোষণা দেন।এতে জেলার নানা শ্রেণী-পেশার মানুষসহ ‘মৃতপ্রায়’ ধলেশ্বরী নদী-তীরবর্তী বাসিন্দারাও ওই সভায় অংশ নেন। বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই সভার আয়োজন করে। এই সভা থেকেই ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি গঠন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি ও জেলা জজ আদালতের প্রবীণ আইনজীবী আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আইনজীবী মিজানুর রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হামিদ, জাগীর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন, বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায় ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।বক্তারা বলেন, মানিকগঞ্জের কয়েক হাজার একর কৃষিজমির পানির একমাত্র প্রাকৃতিক উৎস হচ্ছে ধলেশ্বরী নদী। কিন্তু এ নদীতে বর্ষা মৌসুমের দুই মাস বাদে বাকি সময় পানি থাকে না। এতে সেচকাজ ব্যাহত হয়। বক্তারা নদী রক্ষায় সাটুরিয়া উপজেলার তিল্লি থেকে সিঙ্গাইরের ধল্লা পর্যন্ত খনন করার দাবি জানান। এ জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখারও আহ্বান জানান তাঁরা। সভা শেষে আজাহারুল ইসলামকে আহ্বায়ক, আবদুল হামিদকে সদস্যসচিব এবং আরও বেশ কয়েকজনকে সদস্য করে ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি গঠন করা হয়।