ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শত শত গ্রামবাসী লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৌকাযোগে ধলেশ্বরী নদীতে ড্রেজার-সন্ত্রাসীদের ধাওয়া করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক, গোগনগর, কুড়েরটেক গ্রামের কয়েক শ নারী-পুরুষ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে, লাঠিসোঁটা, দা, বল্লম, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা একপর্যায়ে নৌকাযোগে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে নদীতে ড্রেজার-সন্ত্রাসীদের ধাওয়া দেন। গ্রামবাসীর ধাওয়ায় সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে গোগনগর পুরাতন বাজারে আবদুল গফুর রাজার সভাপতিত্বে সমাবেশ হয়। এ সময় উপস্থিত ছিলেন শহিদুল্লাহ পাটোয়ারী, হাসমত আলী মোল্লা, সালাম মাতবর, জয়নাল মাতবর প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, নদীবেষ্টিত বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের গ্রামগুলো মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল। কয়েক মাস ধরে এক ব্যক্তি প্রভাবশালীদের মদদ পেয়ে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে ধলেশ্বরী নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে চলে যাচ্ছে নদীতীরবর্তী গ্রামগুলো। কৃষিজমি হুমকির মুখে পড়ছে। বালু-সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা নিরীহ গ্রামবাসীকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন গ্রামবাসী। তাঁরা দ্রুত অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।বক্তারা অভিযোগ করেন, এ ব্যাপারে তাঁরা আলীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমানকে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। অভিযোগের জবাবে চেয়ারম্যান মতিউর রহমান জানান, তিনি নিজেও বালু-সন্ত্রাসীদের বিপক্ষে। গ্রামবাসীর পক্ষে। তিনি একাধিকবার বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। উল্টো তাঁর আত্মীয়স্বজন হামলা ও মামলার শিকার হয়েছেন।খবর পয়ে ঘটনাস্থলে যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। ফজলুর রহমান বলেন, পরিস্থিতি শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।গত ৫ জানুয়ারি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গ্রামবাসী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।