ধলেশ্বরীতে অভিযান ড্রেজার নৌযানসহ ১০ জন আটক
মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে গতকাল মঙ্গলবার ম্যাজিস্ট্রেট ও পুলিশ অভিযান চালিয়ে একটি মাটি কাটার ড্রেজার ও বলগেটসহ (বালু বহনের ইঞ্জিনচালিত নৌযান) ১০ জনকে আটক করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন সিদ্দিক, কবির, নিজাম, শহিদুল ইসলাম, জুলহাস, আয়ুব আলী, রাজীব, মিরাজ, ফরিদুল ইসলাম ও সবুজ। তাঁরা মুন্সিগঞ্জ থানা হেফাজতে রয়েছেন। ড্রেজার ও বলগেটটি মুক্তারপুরে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা সবাই মদনগঞ্জ বালুমহালের ইজারাদার চান মিয়ার লোক। তাঁদের মধ্যে রাজীব, আয়ুব আলী ও নিজাম ছাত্রলীগের নেতা মামুন হত্যারকাণ্ডে জড়িত ছিলেন। এই তিনজনকে মামলার এক সাক্ষী (ওই দিনের হামলায় আহত) শনাক্ত করেছেন। পুলিশ জানায়, গত সোমবার মামুনের চাচার করা মামলার ১২ আসামির মধ্যে ওই তিনজনের নাম নেই। তবে ওই মামলায় এখন তাঁদের গ্রেপ্তার করা হবে। এ প্রসঙ্গে মুন্সিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, তাঁরা মুন্সিগঞ্জের সীমানায় এসে বালু উত্তোলন করছিলেন। ড্রেজার ও বলগেট নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের বালুমহালের ইজারাদার চান মিয়ার।