ধলেশ্বরীতে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গতকাল নৌকাবাইচ হয়েছে। ঐতিহ্যবাহী এ বাইচ দেখতে ধলেশ্বরীর তীর মানুষের মিলনমেলায় পরিণত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে বাইচে গতকাল ১৭টি নৌকা অংশ নেয়। বেলা সাড়ে তিনটায় মিরকাদিম নদীবন্দর থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন। মিরকাদিম ঘাট থেকে বাইচ মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাটে গিয়ে শেষ হয়।
আয়োজক কমিটি জানায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেশের প্রথম সারির নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ৫০ মাল্লার সাতটি, ৬০ মাল্লার ছয়টি ও ২৫ মাল্লার চারটি নৌকা ছিল। প্রতিযোগিতা শেষে লঞ্চঘাটসংলগ্ন স্থানে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সাংসদ ও জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মমতাজ বেগম, মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী প্রমুখ।
২৫ মাল্লার বাইচ প্রতিযোগিতায় লস্করপুর এক্সপ্রেস প্রথম, লতা এন্টারপ্রাইজ দ্বিতীয় ও যুবরাজ এক্সপ্রেস তৃতীয় স্থান অর্জন করে। ৫০ মাল্লার প্রতিযোগিতায় শ্রীধরপুর প্রথম, রাঢ়ীখাল এক্সপ্রেস দ্বিতীয় ও মত্তগ্রাম এক্সপ্রেস তৃতীয় হয়। ৬০ মাল্লার প্রতিযোগিতায় মত্তগ্রাম এক্সপ্রেস-২ প্রথম, সেলামতি এক্সপ্রেস দ্বিতীয় ও তুফান তৃতীয় স্থান লাভ করে।