ধলেশ্বরীতে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গতকাল শনিবার বিকেলে ছিল বাংলালিংক ৩৬তম জাতীয় নৌকাবাইচ। এবারের বাইচে ১০টি জেলা অংশ নেয়। উৎসবে ধলেশ্বরীর তীরে ভিড় জমে। মিরকাদিমের রিকাবীবাজার থেকে বেলা তিনটায় নৌকাবাইচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বাংলালিংকের কর্মকর্তারা। শেষ হয় প্রায় তিন কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকায়। দর্শনার্থী আয়শা আক্তার বলেন, ‘বাংলার ঐতিহ্য নৌকাবাইচ। এটা আবার আগের মতো জনপ্রিয় হতে চলেছে। আমি আমার ছেলেমেয়ে নিয়ে বাইচ দেখতে এসেছি।’ প্রতিযোগিতায় ২৫ মাল্লার নৌকায় প্রথম হয়েছে খুলনা, দ্বিতীয় হয়েছে কিশোরগঞ্জ ও তৃতীয় হয়েছে মুন্সিগঞ্জ। ৫০ মাল্লার বাইচে প্রথম হয়েছে মুন্সিগঞ্জ, দ্বিতীয় হয়েছে খুলনা ও তৃতীয় হয়েছে কিশোরগঞ্জ। ৭০ মাল্লার নৌকায় প্রথম ও দ্বিতীয় হয় ব্রাহ্মণবাড়িয়া, তৃতীয় হয় মাদারীপুর। নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় নৌকাবাইচ মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে হচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের।’