ধলেশ্বরীতে নৌকাবাইচ দুই তীরে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙিন পোশাক পরা মাল্লারা বাদ্যের তালে তালে বাইছেন বৈঠা। কোনো কোনো নৌকায় ওঠে গানের তাল। আর এই গান ও বাদ্যের তালে তালে গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে হয়ে গেল মনোমুগ্ধকর নৌকাবাইচ।নৌকাবাইচ দেখতে মুন্সিগঞ্জের মিরকাদিম লঞ্চঘাট থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত ধলেশ্বরীর দুই তীরে নামে হাজারো মানুষের ঢল। মুক্তারপুর সেতুর ওপরে ছিল উপচে পড়া ভিড়। শত শত ট্রলারও ছিল নদীতে। ছিল কঠোর নিরাপত্তার ব্যবস্থাও।নৌকাবাইচ দেখতে আসা একাধিক দর্শনার্থী জানান, স্বাধীনতার পরে মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে কোনো দিন নৌকাবাইচ হয়নি। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নৌকাবাইচ দেখতে তাই অনেক মানুষ উপস্থিত হয়।মুন্সিগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা তিনটার দিকে মিরকাদিম নৌবন্দরে নৌকাবাইচের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাবেক সাংসদ মো. মহিউদ্দিন। এরপর শুরু হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচকে আরও আকর্ষণীয় করে তোলে বেদেনৌকার স্বামী-স্ত্রীর নৌকা চালানোর প্রতিযোগিতা।মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এই প্রতিযোগিতা দেখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী, মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতাজ বেগম, জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মিরকাদিম পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন রেণু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভাইস চেয়ারম্যানরা।সন্ধ্যায় মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংসদ এম ইদ্রিস আলী বলেন, বাংলাদেশে এই নৌকাবাইচ হারিয়ে যাচ্ছিল। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে আয়োজকদের আহ্বান জানান তিনি।সুকুমার রঞ্জন ঘোষ বলেন, ‘নৌকাবাইচ দেখতে মানুষের ব্যাপক উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আজকের আয়োজনের মধ্য দিয়ে হারানো ঐতিহ্য নৌকাবাইচ আবার প্রাণ ফিরে পেয়েছে।’আয়োজক সূত্রে জানা যায়, নৌকাবাইচের ৫০ মাল্লার গ্রুপে প্রথম হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানের দল ‘তুফান’। ২৫ মাল্লার গ্রুপে প্রথম হয়েছে শ্রীনগরের দল ‘একতা’। এ ছাড়া দুই মাল্লার স্বামী-স্ত্রী বেদেনৌকাবাইচে প্রথম হয়েছেন আবদুল আজিম দম্পতি।পুরস্কার বিতরণের আগে নৌকাবাইচের ওপর একটি স্মরণিকা হৈয়া প্রকাশ করা হয়।আয়োজক কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, ‘নৌকাবাইচ দেখতে মুন্সিগঞ্জের লাখো মানুষের ভিড় ভবিষ্যতে বাইচ প্রতিযোগিতা অব্যাহত রাখতে আমাদের উৎসাহিত করেছে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের আয়োজন সফল হয়েছে।’