ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে খাদিজা নামের এক যাত্রী নিখোঁজ হয়েছেন। তাঁর বাড়ি চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায়। ঈদে বাড়ি ফেরার জন্য ট্রলারে করে লঞ্চে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, চাঁদপুর, নোয়াখালীসহ কয়েকটি জেলার লোকজন ঈদ করার জন্য মুন্সিগঞ্জ থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

ঘটনাস্থলে সদর থানার উপপরিদর্শক (এসআই) সবুর খান প্রথম আলো ডটকমকে জানান, এমভি আবে জমজম নামের একটি লঞ্চ ঢাকা থেকে মুন্সিগঞ্জ হয়ে চাঁদপুরে যাচ্ছিল। মুন্সিগঞ্জ ঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী ট্রলারে করে এসে মাঝনদীতে ওই লঞ্চে ওঠার চেষ্টা করেন। এ সময় চলন্ত লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।