ধলেশ্বরীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন ঘাটে ধলেশ্বরী নদীতে শতাধিক যাত্রী ও ১২টি মোটরসাইকেলসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। অনেকেই সাঁতরে নদীর তীরে উঠলেও শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনার শিকার নাগরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহে আলম জানান, এলাসিন ফেরিঘাটে নৌকা ভেড়ার সঙ্গে সঙ্গে নাগরপুর যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীরা দ্রুতগতিতে নৌকায় উঠে পড়ে। নৌকার মাঝি বারবার নিষেধ করার পরও অতিরিক্ত বোঝাই হয়ে যায়। অনেককে নামার জন্য অনুরোধ করলেও কেউ তা মানেনি। অগত্যা নৌকার মাঝি পন্টুন থেকে নৌকা ছাড়ার কয়েক মিনিট পরই নদীতে ডুবে যায়। মাহে আলম বলেন, ‘আমিসহ অনেকেই সাঁতরে নদীর তীরে উঠে এসেছি। তবে শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে নয়টা) টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছেন। টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান আল মামুন প্রথম আলোকে বলেন, প্রায় সবাই সাঁতরে উঠে এসেছে। কোনো মৃত্যুর খবর মেলেনি।