ধলেশ্বরীর তীর কেটে নিচ্ছেন ভূমিদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে মাটি নিয়ে যাচ্ছেন ভূমিদস্যুরা। এতে নদীর পাড় ও ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। ওই এলাকার পাশে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার প্রভাবশালী একটি চক্র এর সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধিক মামলা হয়েছে।এলাকাবাসী জানান, উপজেলার চিত্রকোট ইউপির গোয়ালখালী মৌজায় এক বছর ধরে খননকাজ চলছে। সাত-আটটি খননযন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। এতে প্রায় ২০০ একর ফসলিজমি নদীতে বিলীন হয়ে গেছে। তাঁদের অভিযোগ, এর সঙ্গে জড়িতেরা ক্ষমতাসীন দলের লোক। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন ভূমিদস্যুরা।সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে দুবার ঘটনাস্থলে গিয়েছি, মামলাও দিয়েছি। তবে সমস্যা হচ্ছে, আমরা পৌঁছালে তারা ড্রেজার নিয়ে কেরানীগঞ্জের সীমানায় চলে যায়। সেখান থেকে আমরা তাদের ধরতে পারি না। আইনগত সমস্যা আছে। আর যারা মাটি কাটার সঙ্গে জড়িত, তাদের বাড়ি কেরানীগঞ্জে।’ বিষয়টি জেলার রাজস্ববিষয়ক সভায় ব্যবস্থা নিতে জানিয়েছেন ইউএনও।১৪ মে সরেজমিনে মাটি কাটার সত্যতা পাওয়া গেছে। শ্রমিকেরা নদীর তীরে খননযন্ত্র নিয়ে মাটি কাটছেন। এতে নদীর তীর ভেঙে পড়ছে। শ্রমিকেরা কোদাল দিয়ে চরের মাটি কেটে নিচ্ছেন। নদীর দক্ষিণ তীরে বিদ্যুতের একটি খুঁটি একেবারে তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। এটির খুব কাছ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে।মাটি কাটার সঙ্গে জড়িতেরা হলেন: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজালাল আহমেদ, বশির আহমেদ, জাবেদ ও আজম। তাঁদের বিরুদ্ধে গত বছরের ৩০ নভেম্বর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। চলতি বছরের ৭ এপ্রিল এলাকাবাসী আরেকটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ে পাঠান। এর পরও মাটি কাটা বন্ধ হয়নি।ফুলহার গ্রামের খায়জুদ্দিন চৌধুরী জানান, গোয়ালখালী মৌজায় তাঁর ৬৫ শতাংশ জমি রয়েছে। গত এক মাসে ভূমিদস্যুরা তাঁর গোটা জমির মাটি কেটে নিয়ে গেছেন। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেন তাঁরা। শাহআলম নামের আরেকজন জানান, সাত-আটটি খননযন্ত্র দিয়ে রাত-দিন মাটি কাটা হয়। তাঁদের দেড় একর জমির মধ্যে এক একর কেটে নিয়ে গেছেন ভূমিদস্যুরা।মাটি কাটার বিষয়ে এলাকাবাসীর পক্ষে হাজী জালাল বাদী হয়ে সম্প্রতি শাহজালাল, বশির আহমেদ, জাবেদ, আজমসহ আটজনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় অভিযোগ দেন। অভিযোগটি থানায় তদন্তাধীন। এর আগে এই মাটি কাটা নিয়ে থানায় একাধিক মামলা করা হয়। একটির বাদী পুলিশ, অন্যটির স্থানীয় ভূমি কার্যালয়ের নায়েব।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মেহেদী জানান, এ ঘটনায় থানায় একাধিক মামলা হয়েছে। পুলিশ কাজ করছে।এ ব্যাপারে শাহজালাল আহমেদ বলেন, ‘মাটি কাটার সঙ্গে এখানকার (রুহিতপুর ইউনয়ন) আওয়ামী লীগের লোকজন জড়িত থাকলেও আমি জড়িত নই।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, এসব খননযন্ত্র নারায়ণগঞ্জ থেকে ভাড়ায় আনা হয়। তাঁর নিজের একটি যন্ত্র ছিল। সেটা তিনি বিক্রি করে দিয়েছেন। মাটি কাটার কোনো অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানা নেই। তবে যারা কাটছে, তারা বলতে পারবে।’মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আয়াতুল ইসলাম জানান, এভাবে মাটি কাটা অন্যায়। এটা বন্ধের বিষয়ে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।