ধলেশ্বরীর তীরে আসবাবের অবৈধ কারখানা উচ্ছেদ
ঢাকার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথ অভিযান চালিয়ে ধলেশ্বরীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দ্বীন ফার্নিচার কারখানার পাকা স্থাপনা উচ্ছেদ করেছে।
গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ ও ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
দক্ষিণ কেরানীগঞ্জের গলগলিয়া এলাকায় ধলেশ্বরী সেতুসংলগ্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা দ্বীন ফার্নিচার কারখানার তিনতলা ভবনটি উচ্ছেদ করতে গেলে কারখানার মালিক শামসুল হকের ছোট ভাই রকিবুল ইসলামসহ কারখানার লোকজন এসে উচ্ছেদকারীদের জানান, তাঁদের স্থাপনা ভাঙার প্রয়োজন নেই। তাঁরা নিজ দায়িত্বে সেগুলো ভেঙে মালামাল সরিয়ে নেবেন। এ সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ তাঁকে জানান, আর কোনো সময় দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হবে।
পরে রকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, কারখানা উচ্ছেদ করার বিষয়ে তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ বলেন, ‘গত ৪ জুন আমরা ধলেশ্বরী নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দ্বীন ফার্নিচার কারখানার স্থাপনাটি উচ্ছেদ করতে এসেছিলাম। তখন কারখানার পক্ষে সুপ্রিম কোর্টের চেম্বার বেঞ্চের এই স্থাপনাটি উচ্ছেদের বিষয়ে স্থগিতাদেশ ছিল। গত সোমবার হাইকোর্ট এই অবৈধ স্থাপনাটি উচ্ছেদের আদেশ প্রদান করলে হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছি।’
বিআইডব্লিউটিএর পরিচালক শফিকুল হক বলেন, হাইকোর্টের নির্দেশে ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানটি চলমান প্রক্রিয়া। তিনি আরও বলেন, নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা যেকোনো মূল্যে উচ্ছেদ করা হবে। দখলদারদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
উচ্ছেদ অভিযানে অংশ নেন বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রকিবুল ইসলাম, ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, বন্দর কর্মকর্তা শহিদউল্লাহ প্রমুখ।