রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, ভূমিধস ঠেকাতে পাহাড় ও পাহাড়ের কোনো গাছ কাটা যাবে না—এমন নিয়ম করতে হবে। এ জন্য পাহাড়গুলোকে সংরক্ষিত বনভূমি ঘোষণা করতে হবে। তাঁরা দেশের পার্বত্য এলাকাগুলোতে পাহাড় ও বনভূমি ধ্বংস বন্ধে কঠোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভূমিধস: কারণ, ফলাফল এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশে চীনা দূতাবাস ও বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে বলা হয়, যুগের পর যুগ ধরে পাহাড় কেটে সেখানে সমতল ভূমির অধিবাসীদের বসতি করার সুযোগ দেওয়া হয়েছে। বনভূমি ধ্বংস করে সেখানে গড়ে তোলা হয়েছে নানা অবকাঠামো। পাহাড়ের ভেতর ও ওপর দিয়ে সড়ক নির্মাণ করার আগে এর কোনো ভূতাত্ত্বিক জরিপ করা হয়নি। আর রাজনৈতিক দুর্বৃত্তরা এই সুযোগ নিয়ে পাহাড় ধ্বংস করেছে। ফলে একের পর এক ভূমিধসের ঘটনা ঘটছে।
সেমিনারে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন পাহাড়ধস থামাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন উল্লেখ করে বলেন, ‘আমরা উন্নয়ন করতে গিয়ে প্রকৃতিকে কতটুকু ধ্বংস করব আর প্রকৃতিকে কতটুকু রক্ষা করব, সেই সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি বলেন, সমতলের মানুষদের পাহাড়ে নিয়ে বসতি করানো হয়েছে। এর পেছনে পার্বত্য চট্টগ্রামের ‘জনমিতি রাজনীতি’ বড় ভূমিকা রেখেছে। পাহাড়ের ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের কোণঠাসা করতে সমতলের দরিদ্র অধিবাসীদের নিয়ে সেখানে রাখা হয়েছে। এতে একদিকে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে, অন্যদিকে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে।
সেমিনারে সভাপতির বক্তব্যে সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, পাহাড়ধসের মতো দুর্যোগকে শুধু প্রকৃতির কাণ্ড হিসেবে দেখলে হবে না। এর পেছনে দুর্বৃত্ত ও নষ্ট রাজনীতি জড়িত। দেশের সব পাহাড়কে সংরক্ষিত এলাকা ঘোষণা করে সংরক্ষণের পরামর্শ দিয়ে তিনি বলেন, একটি পাহাড় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন করে পাহাড়সংক্রান্ত সবকিছুর নজরদারি এখন সময়ের দাবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম বলেন, পাহাড়ধসের এত বড় ঘটনা ঘটার পরও সরকারের তরফ থেকে এখনো তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মনে হচ্ছে সামনের বছর বা এর পরের বছর আরও বড় বড় পাহাড়ধসের মতো ঘটনা দেখতে হতে পারে।
মূল বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, সংরক্ষিত রেকর্ড অনুযায়ী ১৯৬৮ সালে কাপ্তাই এলাকায় প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। এরপর এ পর্যন্ত পাহাড়ধসে ৪৪৮ জন মারা গেছে। তিনি বলেন, এই দুর্যোগে এত মানুষ মারা গেলেও দেশের দুর্যোগ আইনে পাহাড়ধস নামে কোনো শব্দ নেই। দুর্যোগবিষয়ক সরকারি যে স্থায়ী আদেশ আছে, তাতে ৩৭৬ বার ঘূর্ণিঝড় ও ২২৯ বার বন্যা শব্দটি আছে, অথচ পাহাড়ধস আছে মাত্র তিনবার। এ থেকেই সরকারি নীতিনির্ধারণে এর গুরুত্ব বোঝা যায়।
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা নাসরিন, অধ্যাপক কিউ এম মাহবুব ও বাপার মিহির বিশ্বাস।