ধস ঠেকাতে বসছে গাছের খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানার ২১ দিন পরও চট্টগ্রামের বিমানবন্দর সড়কের (নেভাল রোড নামে পরিচিত) মূল সংস্কারকাজ এখনো শুরু হয়নি। নতুন করে সড়কের ভাঙন ঠেকাতে প্রতিরোধ দেয়ালের পাশে ঝাউ, মেহগনি, আকাশমণি গাছের খুঁটি (বল্লি) স্থাপন করা হচ্ছে। ঘূর্ণিঝড়ে সড়কের অন্তত এক কিলোমিটার অংশের প্রতিরোধ দেয়াল ভেঙে যায়। কবে নাগাদ পুরোদমে মূল সংস্কারকাজ শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারছে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর সড়কের এক কিলোমিটার অংশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। রোয়ানুর আঘাতে বন্দরের মালিকানাধীন সড়কের অংশই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ২১ কিলোমিটার সড়ক চট্টগ্রাম সিটি করপোরেশনের।
গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কর্ণফুলী নদী লাগোয়া বিমানবন্দর সড়কের কোথাও দেবে গিয়ে আবার কোথাও পিচ উঠে ‘বীভৎস’ রূপ নেয়। এতে সড়কের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখ থেকে মোস্তফা কামাল আতার্তুক অ্যাভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশ কার্যত যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এটি বিমানবন্দরে যাতায়াতের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া নগরবাসীর কাছে সড়কের এই অংশ পর্যটন স্পট হিসেবে পরিচিত।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, ভাঙা ও দেবে যাওয়া সড়কে ঝুঁকি নিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল। বিমানবন্দরের প্রবেশমুখে সড়কের প্রতিরোধ দেয়ালের পাশে গাছের খুঁটি স্থাপন করা হচ্ছে। সাতজন শ্রমিককে এ কাজ করতে দেখা যায়। শ্রমিক আবদুল মান্নান, আলাউদ্দিন ও মো. মুনির প্রথম আলোকে বলেন, সড়কের প্রতিরোধ দেয়াল ঘেঁষে এখন পর্যন্ত প্রায় দুই হাজার গাছের খুঁটি লাগানো হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে এই কাজ চলছে।
চট্টগ্রাম বন্দরের এক প্রকৌশলী নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিমানবন্দর সড়কের এক কিলোমিটার অংশ কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে যাওয়া সড়ক ও প্রতিরোধ দেয়াল দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। নতুন করে এই সড়কের আর কোনো অংশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং দেবে না যায়, সে জন্য প্রতিরোধ দেয়াল ঘেঁষে গাছের খুঁটি স্থাপন করা হচ্ছে। তবে কবে নাগাদ পুরো সংস্কারকাজ শুরু হবে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
সড়ক সংস্কারের বিষয়ে চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান খান কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত সড়কের পাশের দোকানগুলো নতুন করে নির্মাণ করা হচ্ছে। সেখানকার ব্যবসায়ী আলী ওসমান ও আবু জহুর বলেন, নতুন করে দোকান তৈরি করতে বিভিন্ন এনজিও থেকে ঋণ করতে হয়েছে। এখন সড়ক ঠিক না হলে লোকজন আসবে না। ব্যবসাও হবে না। তখন ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দর কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিমানবন্দর সড়কের ধস ঠেকাতে গাছের খুঁটি স্থাপন করছে। তবে তারা এখনো সড়ক সংস্কারের মূল কাজ শুরু করেনি। অল্প কিছুদিনের মধ্যে সংস্কারকাজ শুরু হবে বলে সিটি করপোরেশনকে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তখন বন্দর কর্তৃপক্ষ চাইলে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।