
ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে রাখা হয়েছে ছাদ। আশঙ্কা, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবু এর মধ্যেই একেকটি কক্ষে ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে গাদাগাদি করে আছেন ১০ থেকে ১২ জন শিক্ষার্থী। দৃশ্যটি রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের।
গতকাল রোববার ছাত্রাবাসটি ঘুরে দেখা যায়, তিনতলা ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সিঁড়ির রেলিংয়ের কাঠ খসে গেছে কয়েক জায়গায়। খাবার কক্ষের এক অংশে চলছে খাওয়াদাওয়া আর অন্য অংশে টিভি দেখা। এ কক্ষে খাওয়াদাওয়া করার জন্য আছে গুটি কয়েক টেবিল ও বেঞ্চ। কক্ষের একপাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে বেশ কয়েকটি মোটরবাইক।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, তিতুমীর কলেজে এখন অধ্যয়ন করছেন প্রায় ৫০ হাজার শিক্ষার্থী। প্রতিবছর নতুন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এখানে ভর্তি হচ্ছেন। এ বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র তিনটি ছাত্রাবাস। ছেলেদের জন্য একটি ও মেয়েদের দুটি। আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসটি ছেলেদের। এর বেশির ভাগ কক্ষের দেয়ালের পলেস্তারা ক্ষয়ে যাচ্ছে। কয়েকটি কক্ষের ছাদের পলেস্তারা পুরোটাই ক্ষয়ে গেছে। তৃতীয় তলার কক্ষগুলো সব সময় ভেজা স্যাঁতসেঁতে অবস্থায় থাকে। সামান্য বৃষ্টি হলেই এ কক্ষগুলোর দেয়াল চুইয়ে ভেতরে পানি চলে আসে। ছাত্ররা কাপড় দিয়ে নিংড়ে সেই পানি বাইরে ফেলে দেন।
ছাত্রাবাসটির বেশির ভাগ কক্ষ ঘুরে দেখা যায়, অত্যন্ত দুর্ভোগের মধ্যে এখানে থাকছেন আবাসিক শিক্ষার্থীরা। মোট কক্ষ ৪৩টি। আনুমানিক ছয় শ শিক্ষার্থী থাকেন এখানে। এক কক্ষেই গাদাগাদি করে থাকেন ১০ থেকে ১২ জন। কক্ষগুলোতে নেই পর্যাপ্ত চেয়ার-টেবিল। অধিকাংশ কক্ষে শিক্ষার্থীরা নিজ খরচে চেয়ার-টেবিল কিনে ব্যবহার করছেন। কয়েকটি কক্ষে শিক্ষার্থীদের মেঝেতে শুয়ে রাত কাটাতে হয়।
সংস্কার না করায় ছাত্রাবাসটির শৌচাগার ও গোসলখানার বেহাল অবস্থা। শিক্ষার্থীর তুলনায় সংখ্যাও অপর্যাপ্ত। গোসলখানার বাইরের বেশ কয়েকটি বেসিনও নেই।
ছাত্রাবাসটিতে কোনো পাঠাগার ও অতিথিকক্ষ নেই। আলাদা টিভি কক্ষও নেই। খাবার জন্য আছে মাত্র একটি খাবার কক্ষ (ক্যানটিন নামে পরিচিত)। এরই একটি অংশ টিভি কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে দুপুর ও রাতের খাবার সরবরাহ করা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, খাবারও নিম্নমানের। শিক্ষার্থীরা সকালের নাশতা করেন সামনের ফুটপাতের হোটেলগুলোতে।
ছাত্রাবাসটির স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মো. রেজাউল অভিযোগ করে বলেন, ‘ছাত্রাবাসের জীবন আমাদের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকেই ছাত্রাবাস ছেড়ে দিয়ে বাইরে মেস ভাড়া করে থাকেন। যাঁদের সে উপায় নেই, বাধ্য হয়েই তাঁদের এখানে থাকতে হয়।’
এ ব্যাপারে জানতে চাওয়া হলে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাছের কোনো মন্তব্য করতে রাজি হননি।