ধস মোকাবিলায় টিলার চূড়ায় গর্ত করে ঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৭০ ফুট উঁচু টিলা। নিচ থেকে চূড়ায় কী আছে তা বোঝার উপায় নেই। চূড়ায় উঠলে দেখা যায় সেখানে বিরাট গর্ত করে বেশ কয়েকটি বসতঘর নির্মাণ করা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এভাবে সাতটি পরিবার বসবাস করছে। গর্ত করার পরও শেষ রক্ষা হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এসব ঘরের কোনোটি হেলে আছে এবং আবার কোনোটি বেঁকে গিয়ে ধসে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ টিলার নাম পাঠানটিলা। সিলেটের দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠের উত্তর দিকের এ টিলা বাংলাদেশ রেলওয়ের ও ব্যক্তিমালিকানাধীন। এর আয়তন প্রায় দুই একর। এক দশক ধরে এ টিলার চূড়ায় ৩৭টি পরিবার বসবাস করছে। ২০১১ সালে সিলেট জেলা পরিষদ টিলার একাংশ কেটে খেলার মাঠের গ্যালারি নির্মাণ করে। এ কারণে এবার বর্ষা আসার সঙ্গে সঙ্গে টিলার চূড়ায় বসবাসে বড় ধরনের ঝুঁকি দেখা দিয়েছে। কিন্তু বিকল্প না থাকায় ঠিলাধস ঠেকাতে চূড়ায় বড় অকারের গর্ত করে সাতটি বসতঘর নির্মাণ করেছে সাতটি পরিবার। সরেজমিনে দেখা গেছে, টিলার একাংশ কেটে খেলার মাঠের গ্যালারির মাত্র সাতটি সিঁড়ি নির্মাণ করা হয়। গত বছর বর্ষার শেষ দিকে টিলার কিছু অংশ ধসে পড়ে। এবার বৃষ্টির মৌসুম শুরুর আগ থেকেই টিলার চূড়ায় বসবাসকারীরা ধসের আশঙ্কা করছেন। চূড়ায় গর্ত করে তৈরি বসতঘরের বাসিন্দাদের একজন পারুল বেগম। তিনি জানান, তাঁর বসতঘরের একটি অংশ ধসে পড়েছিল। বাধ্য হয়ে টিলার চূড়ায় গর্ত করে ঘর তৈরি করে বসবাস করছেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ মোল্লা জানান, টিকার ধস ঠেকাতে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা (রসায়নবিদ) মোজাহিদুল ইসলাম বলেন, টিলাধসের ঝুঁকি মোকাবিলায় চূড়ায় গর্ত করা আরও ঝুঁকির। এ ক্ষেত্রে ধসের সঙ্গে পুরো ঘরই চাপা পড়ার আশঙ্কা থাকে।