ধসে গেছে আরও একটি স্লুইসগেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশ গ্রামে ইঞ্জিমান খালের মুখে গত মঙ্গলবার রাতে একটি স্লুইসগেট পানির তোড়ে ধসে গেছে। এর আগে গত সোমবার দুপুরে ছোট ফেনী নদীর মুখে আরও একটি স্লুইসগেট বেড়িবাঁধসহ ধসে যায়। ভারী বর্ষণের কারণে এ নিয়ে গত তিন দিনে উপজেলার ১২টি স্লুইসগেটের মধ্যে দুটি স্লুইসগেট ধসে গেল।
গত বুধবার সকালে পশ্চিম চরদরবেশ গ্রামে গিয়ে দেখা যায়, ছোট ফেনী নদীর শাখা খাল ইঞ্জিমান খালের ওপর স্থাপিত স্লুইসগেট ধসে যাওয়ায় খালের পানি প্রবল বেগে নদীতে গিয়ে পড়ছে। স্লুইসগেটের ওপর সড়কটিও বিলীন হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সাঁকো তৈরি করে এলাকার লোকজন চলাচলের ব্যবস্থা করেছেন।
স্লুইসগেট ধসে যাওয়ায় চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশ গ্রামের চার হাজার বাসিন্দা বিপাকে পড়েছে। নদীতে জোয়ারের সময় ঘরবাড়িতে পানি ওঠার আশঙ্কা করছেন তাঁরা।
ফেনীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. কোহিনুর আলম বলেন, ইতিমধ্যে পশ্চিম চর দরবেশ গ্রামে ধসে যাওয়া স্লুইসগেট দেখতে এলাকায় গিয়েছি। বর্ষা মৌসুম শেষে সংস্কার ও মেরামতের কাজ শুরু করা হবে। ধসে যাওয়া বেড়িবাঁধের সড়ক-সংস্কার করবে স্থানীয় সরকার বিভাগ।
পাউবো সূত্রে জানা যায়, এ অঞ্চলকে সাগরের লোনা পানি থেকে রক্ষা ও মিঠা পানি ধরে রাখার জন্য নানা সময়ে মোট ১২টি স্লুইসগেট নির্মাণ করা হয়। এর মধ্যে দুটি ধসে গেছে। বাকি ১০টিও অকেজো পড়ে আছে।
সোনাগাজী উপজেলার চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, উপজেলার বিভিন্ন খালের মুখে স্থাপিত স্লুইসগেট দ্রুত সংস্কারে পাউবোকে উদ্যোগ নিতে হবে। উপজেলা পরিষদের বিভিন্ন সভার সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যে পাউবো কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।