মাটি সরে ধসে গেছে কিনারা, মাঝখানেও সৃষ্টি হয়েছে গর্ত। সংস্কারের অভাবে ১২ বছর ধরে চলাচলের অনুপযোগী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়ক।এলাকাবাসী জানান, ১৯৬০ সালে হাফেজ বজলুর রহমান সড়কটি নির্মিত হয়। দেশ স্বাধীন হওয়ার পর সড়কটিতে ইট বিছানো হয়। ১৯৮৬ সালে সড়কটি পাকা করে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। স্থানীয় ব্যক্তিরা জানান, সড়কটি পাকা করার সময় সওজ বিভাগ দুই পাশে রক্ষা দেয়াল দেয়নি। ফলে তলার মাটি সরে গিয়ে সড়কটির কিনারা ভেঙে যায়। মাঝখানে সৃষ্টি হয় বড় বড় গর্তের। সরেজমিনে দেখা যায়, আট কিলোমিটার সড়কের ১৭টি স্থানে কিনারা ধসে গেছে। মাটি সরে গিয়ে বাকি অংশের দুই পাশও আলগা হয়ে রয়েছে। গর্তের ওপর রিকশা ও অটোরিকশা চলাচল করতে গিয়ে ছিটকে পড়ছে। ইউনিয়নের ঢেমিরছড়া গ্রামের মহিউদ্দিন (৩২) জানান, সড়কটি পাকা করার পর জিপ, মাইক্রোবাস, টেম্পো ও ট্রাক চলাচল করত। বেহাল দশার কারণে এখন ইউনিয়নের ব্যবসা-বাণিজ্যেও ধস নেমেছে। ইউনিয়নের চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী জানান, সড়কটি সংস্কারের জন্য সওজ বিভাগে একাধিক প্রতিবেদন পাঠালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। সওজ বিভাগের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান জানান, সড়কটির বর্তমান অবস্থা খুুবই নাজুক। রিকশা ও অটোরিকশা চলাচল করতে গিয়েও দুর্ঘটনায় পড়ছে। সড়ক মেরামতের জন্য একাধিক প্রতিবেদন পাঠালেও কোনো উদ্যোগ নেই। সওজ বিভাগের চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, সড়কটি মেরামতের বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই মেরামতের কাজ শুরু করা হবে।