ধসে গেছে যমুনার গ্রোয়েন বাঁধের ৭০ মিটার এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পানির চাপে যমুনা নদীতে প্রচণ্ড স্রোতের সৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর মেঘাই গ্রোয়েন বাঁধের ৭০ মিটার এলাকা ধসে গেছে। গত বুধবার ভোরে এই ধসে যাওয়ার ঘটনা ঘটে। ধস নামায় আশপাশের আরও চারটি স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর অভ্যন্তরীণ তিনটি চ্যানেলের পানি প্রবল বেগে প্রবাহিত হয়ে ঘূর্ণাবর্তের সৃষ্টি করছে। এই পানি সরাসরি গ্রোয়েনে আঘাত করায় বুধবার ভোররাতে যমুনা নদীর কাজীপুর উপজেলার ৩ নম্বর মেঘাই গ্রোয়েন বাঁধের ৭০ মিটার এলাকা ধসে যায়। ধসে যাওয়ার পর এই এলাকার মাছুয়াকান্দি, খুদবান্দি, সিংগাবাড়ী ও তেকানীপাড়া এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে।কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বিপ্লব জানান, ২ জুলাই ধসে যাওয়ার পর নদীর মধ্যে অনেক গভীরতার সৃষ্টি হয়। সে সময় যদি এই গভীরতা পূরণ করার জন্য বালুর বস্তা ও সিসি ব্লক প্রতিস্থাপন করা হতো তাহলে এই ধস আর দ্বিতীয়বার হতো না। বাঁধে আশ্রিত নাজিম উদ্দীন, শহরবানু ও আজিরন জানান, পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা জানান, কাজীপুর উপজেলার মেঘাই স্পারসংলগ্ন গ্রোয়েন বাঁধের যে মাটি ধসে গেছে এটি রোধ করতে বালুর বস্তা নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু যে হারে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে হারে বালুর বস্তা ফেলার অনুমতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই ভাঙন রোধের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজ করা হচ্ছে। কিন্তু এই স্থানে যে গভীরতার সৃষ্টি হয়েছে তাতে হাজার হাজার বালুর বস্তার প্রয়োজন। বিষয়টি জরুরিভাবে বিবেচনা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।