ধসে পড়া সংযোগ সড়কটি সংস্কার হয়নি পাঁচ বছরেও
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চৌধুরীরহাট এলাকায় ভুলুয়া খালের ওপর নির্মিত সেতুর পশ্চিম পাশের ধসে পড়া সংযোগ সড়ক পাঁচ বছরেও সংস্কার করা হয়নি। স্থানীয় একটি মহল সড়কের ধসে পড়া অংশে কাঠের সেতু নির্মাণ করে প্রায় তিন বছর ধরে যানবাহন থেকে অবৈধভাবে বিভিন্ন হারে টোল আদায় করছে।
সেতুর পাশের চা-দোকানদার আবদুল আজিজ বলেন, লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সীমান্তবর্তী ভুলুয়া খালের ওপর নির্মিত এই স্টিলের সেতুটি দুই উপজেলার কয়েক হাজার লোক যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য ব্যবহার করেন। সংযোগ সড়ক ধসে পড়ার কারণে তাঁরা পাঁচ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।
চৌধুরীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, সেতুটির ওপর দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এতে স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন। তিনি জানান, সেতুর ওপর দিয়ে বর্তমানে মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোর মতো হালকা যানবাহন চলাচল করে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুর সংযোগ সড়কের ধসে পড়া অংশের সামনে বাঁশ ঝুলিয়ে বিভিন্ন ধরনের গাড়ি থামিয়ে টোল আদায় করছেন সুজন মিয়া নামের এক ব্যক্তি। তিনি জানান, এমরান হোসেন নামের এক ব্যক্তি তাঁকে টোল আদায়ের জন্য নিয়োগ করেছেন। এমরান নিজের খরচে সড়কের ধসে পড়া স্থানে কাঠের সেতু নির্মাণ করে টোল আদায় করছেন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক আলমগীর হোসেন জানান, কাঠের সেতু দিয়ে পারাপারের জন্য প্রতিটি গাড়ির জন্য পাঁচ থেকে পঁচিশ টাকা পর্যন্ত টোল দিতে হচ্ছে।
এমরান হোসেন বলেন, স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের অনুরোধে ২০ হাজার টাকা ব্যয় করে তিনি কাঠের সেতুটি নির্মাণ করেছেন। তিনি জানান, যানবাহন চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি সংস্কার করতে হয়। এতে বেশ টাকা খরচ হয়ে যায়। এ জন্য যানবাহন থেকে টোল আদায় করে ওই খরচ মেটানো হয়।
স্থানীয় চররমিজ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান জানান, ধসে পড়া সংযোগ সড়কটি ইউনিয়ন পরিষদ থেকে কয়েকবার সংস্কার করা হলেও জোয়ারের পানির চাপে তা ভেঙে যায়। বিষয়টি এলজিইডিকে জানানো হলেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে স্থানীয় লোকজন নিজস্ব উদ্যোগে পারাপারে বিকল্প ব্যবস্থা নিয়েছেন। তবে সেখানে কেউ অবৈধভাবে টোল আদায় করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা উপসহকারী প্রকৌশলী বাবুল হোসেন জানান, জাপানি সংস্থা জাইকা এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ যৌথভাবে ২০০২ সালে ৮০ মিটার দৈর্ঘ্যের ওই স্টিল সেতু নির্মাণ করে। পরে আর সেখানে কোনো সংস্কারকাজ করা হয়নি। গ্রামীণ সড়ক ও হাটবাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই সেতু এবং ধসে পড়া সংযোগ সড়ক মেরামতের জন্য প্রায় দুই বছর আগে প্রস্তাব পাঠানো হয়। তাতে কোনো কাজ হয়নি। গত জুন মাসে ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় কাজ করার জন্য পুনরায় প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।