ধসে পড়া সড়ক সংস্কার চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহর থেকে রুমা ও থানচি যাওয়ার সড়কের ভেঙে যাওয়া ৩০০ মিটার অংশ সংস্কারের কাজ চলছে। মাটি ভরাট করার পর সড়কের ওই অংশ হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
প্রবল বর্ষণের কারণে গত ২৬ জুলাই রাতে ওই ৩০০ মিটার অংশ ধসে পড়ে। তখন থেকে রুমা ও থানচির সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
সড়কটির সংস্কারকাজে নিয়োজিত সেনাবাহিনীর প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের (ইসিবি) কর্মকর্তারা জানান, গণপরিবহনসহ ভারী যানবাহন চলাচলের জন্য ওই ৩০০ মিটার অংশ খুলে দিতে আরও কয়েক দিন সময় লেগে যেতে পারে।
সূত্র জানায়, প্রবল বর্ষণে ওই ৩০০ মিটার অংশ ছাড়াও রুমা ও থানচিগামী সড়কের আরও বিভিন্ন অংশ ধসে পড়েছে। কয়েকটি অংশে উঁচু পাহাড় থেকে পাথরও খসে পড়ে। খসে পড়া পাথর সরাতে ও ধসে পড়া অংশ সংস্কার করতে সময় লাগছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, ধসে পড়া ৩০০ মিটার অংশে মাটি ভরাট করা হয়েছে। কাঁচা সড়কে কিছু চাঁদের গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। ভাঙা অংশের দুই দিকে যাত্রী বদল করে বান্দরবান-রুমা সড়কে কিছু বাস চলাচল করছে।
সূত্র জানায়, সড়কে ইট না বিছানো পর্যন্ত ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।
থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাংছার ম্রো বলেন, সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় থানচি উপজেলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এতে স্বল্প আয়ের মানুষ সংকটে পড়েছেন।