ধসে পড়ছে কলা ভবনের ছাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের কলা ভবনের তৃতীয় তলার অর্থনীতি বিভাগের চারটি কক্ষের ছাদ ধসে পড়ছে। এরই মধ্যে ওই চারটি কক্ষ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ বিভাগটি নিচতলার শিক্ষক লাউঞ্জে সরিয়ে নেওয়া হয়েছে।কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের প্রকৌশলী দলের পরামর্শে বিভাগটি সরিয়ে নেওয়া হয়েছে। ছাদ যাতে ভেঙে না পড়ে, তার জন্য আপাতত বাঁশের পেলা (ঠেস) দিয়ে রাখা হচ্ছে। বিভাগের পাঠদান যাতে ব্যাহত না হয়, তার জন্য ব্যবসায় শিক্ষা ভবনের নির্মাণাধীন তৃতীয় তলার একটি কক্ষে পাঠদানের কার্যক্রম চালানো হবে বলে তিনি জানান।বিভাগের শেষ বর্ষের ছাত্র জালাল উদ্দীন জানান, ঈদের ছুটির পর গত শনিবার বিভাগের শ্রেণীকক্ষে পাঠদান চলাকালে ছাদের পলেস্তারা ধসে পড়ে। শিক্ষক ও শিক্ষার্থীরা ভয়ে শ্রেণীকক্ষ থেকে দৌড়ে বের হয়ে আসে।এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের সহকারী প্রকৌশলী হাসান শওকত প্রথম আলোকে বলেন, ভবনটির বয়স ৫০ বছরের বেশি। ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের ছাদ দিয়ে পানি পড়ায় গত জুন মাসে কলেজ কর্তৃপক্ষ ছাদের ওপর ইটের খোয়া, বালি ও সিমেন্টের ঢালাই দেয়। কিন্তু রডের ধারণক্ষমতার চেয়ে ঢালাইয়ের ওজন বেশি হওয়ায় ছাদের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে।কলেজের অধ্যক্ষ বলেন, ‘কলেজের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যার জন্য এ রকম ছোটখাটো কাজ সংস্কারের জন্য বরাদ্দের জন্য আবেদন করার কথা ভাবছি না।’