ধসে পড়ল নির্মাণাধীন আশ্রয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে নির্মাণাধীন উপজেলা ডাকঘর ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সিঁড়িটি ধসে পড়েছে। এক মাস আগে সিঁড়িটি ঢালাইয়ের পর গতকাল রোববার দুপুরে সেন্টারিংয়ের বাঁশের খুঁটি খোলার সময় এ ধসের ঘটনা ঘটে। সেন্টারিং খোলার কাজে নিয়োজিত শ্রমিকদের প্রধান মিজানুর রহমান জানান, গতকাল সকাল থেকে তাঁরা ভবনটির দোতলার ছাদ ও দোতলা-তিনতলার সিঁড়ির সেন্টারিং খোলা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে সিঁড়ির সেন্টারিংয়ের নিচের কয়েকটি বাঁশ খোলার সঙ্গে সঙ্গে পুরো সিঁড়িটি হুড়মুড় করে ধসে পড়ে। ডাক বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে ২৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে আমতলী উপজেলা ডাকঘর ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের তিনতলা ভবনটির নির্মাণকাজ শুরু হয়। সে সময়ে কর্মরত পটুয়াখালী ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) শহিদুল ইসলাম ও ডাক বিভাগের পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী রজ্জব আলীর প্রত্যক্ষ যোগসাজশে সংশ্লিষ্ট ঠিকাদার মতিন ও জামাল নির্মাণকাজের শুরুতেই ব্যাপক অনিয়ম করেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। স্থানীয় মানুষের প্রতিবাদ কর্মসূচির কারণে ক্ষিপ্ত হয়ে তৎকালীন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শহিদুল ইসলাম গত ২৭ সেপ্টেম্বর ২১ জনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেন। উপজেলা প্রকৌশলী আতিয়ার রহমান জানান, ‘ভবনটি নির্মাণে অভিযোগ ওঠায় ডাক বিভাগ ও প্রশাসনের সিদ্ধান্তে একাধিকবার ভবনটির কার্যক্রম পরিদর্শনে গিয়েছিলাম। সে সময়ে তৎকালীন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শহিদুল ইসলাম তদন্তকাজে অসহযোগিতা করেন।’ এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ভবনটির ঠিকাদার মতিন ও জামালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।উপজেলা পোস্টমাস্টার আ. ছত্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে ভবনটির নিম্নমানের কাজ হয়ে আসছিল। এ ব্যাপারে ডিপিএমজি শহিদুল ইসলাম কোনো কথা শুনতে চাইতেন না। তিনি নিজে ঠিকাদারের পক্ষে কথা বলতেন। আমাদের ধমক দিয়ে বদলির ভয় দেখিয়ে চুপ রাখতেন।’ যোগাযোগ করা হলে তৎকালীন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শহিদুল ইসলাম (সম্প্রতি বদলি হয়ে বর্তমানে রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক) মুঠোফোনে বলেন, ‘আমি এখন পটুয়াখালীতে নেই। এ প্রসঙ্গে কোনো কথা বলব না।’আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, ‘সাংবাদিকসহ সুশীল সমাজের বিরুদ্ধে ডিপিএমজি শহিদুল ইসলামের দায়ের করা মামলার সত্যতা পাওয়া যায়নি। ডাকঘর ভবনটির সিঁড়ি ধসে পড়ার ঘটনায় আমতলী থানায় সাধারণ ডায়েরি করেছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মশিউর রহমান বলেন, ‘আমি এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করছি।’