ধসে পড়ল নির্মাণাধীন ভবনের সিঁড়ি
ভোলার দৌলতখান উপজেলার ৪৭ নম্বর উত্তর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের সিঁড়ি ধসে পড়েছে। গত মঙ্গলবার ছাদের কাজ করতে শ্রমিকেরা ওই সিঁড়িতে উঠতে গেলে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আরব ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ করছিল।নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নজরদারি না থাকায় এ অবস্থা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক বছর আগে নির্মাণাধীন ভবনটির পাশে একই ঠিকাদার যে ভবনটি নির্মাণ করেছেন, সেখানেও নানা রকম সমস্যা দেখা দিয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে এলজিইডি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২ প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান আরব ট্রেডার্স তিন কক্ষবিশিষ্ট একটি, একই সঙ্গে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু করে। ২০১১ সালের ৬ জুন ৩৬ লাখ টাকা ব্যয়ের ওই ভবনটির নির্মাণকাজ শেষ হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদা খানম, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. কাঞ্চন মিয়া, বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা কমিটির সভাপতি আবদুল জলিলসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ভবনটি নির্মাণের মাস খানেকের মধ্যেই বৃষ্টির সময় ছাদ থেকে পানি পড়া শুরু করে। মেঝের পলেস্তারা উঠতে থাকে। নির্মাণ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ‘ভবনটি সুন্দরভাবে সমাপ্ত হয়েছে’ মর্মে লিখিত নিতে হয়। কিন্তু কাজ মানসম্পন্ন না হওয়ায় প্রধান শিক্ষক ওই কাগজে স্বাক্ষর দেননি। তার পরও ঠিকাদার চূড়ান্ত বিল উত্তোলন করেন।তাঁরা আরও অভিযোগ করেন, একই ঠিকাদার চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ওই ভবনেরই পাশে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ের নতুন একটি ভবনের কাজ শুরু করেন। ভবনটির ছাদ ঢালাই হওয়ার আগে দোতলায় ওঠার সিঁড়ির কাজ সম্পন্ন হয়। শ্রমিকেরা মঙ্গলবার ছাদের কাজ করতে ওই সিঁড়িতে উঠতে গেলে সেটি ধসে পড়ে। ভবনটিতে ঠিকাদার প্রয়োজনের তুলনায় কম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছেন। কাজের সময় একজন প্রকৌশলী ও একজন কার্য সহকারী থাকার কথা থাকলেও কেউ থাকেন না। ফলে কাজের মান দেখার কেউ নেই।আরব ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার পারভেজ কামাল বলেন, সময়ের আগেই সাটারিং (ঢালাই ধরে রাখার জন্য দেওয়া ঠেস) খুলে ফেলায় সিঁড়িটি ভেঙে পড়েছে। এখানে অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি। সঠিকভাবেই কাজ সমাপ্ত হচ্ছে বলে তিনি দাবি করেন। অপরদিকে পাশের ভবনটি তিনি নির্মাণ করেননি দাবি করে বলেন, ‘আমার লাইসেন্সে অন্য একজন ওই ভবন নির্মাণ করেছে।’তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নির্মাণশ্রমিক বলেন, নির্ধারিত সময়েই সাটারিং খোলা হয়েছে। কিন্তু পরিমাণমতো সিমেন্ট না দেওয়ায় সিঁড়িটি ভেঙে পড়েছে।যোগাযোগ করা হলে ভোলা এলজিইডির জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম বলেন, খোঁজ-খবর নিয়ে এসব ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।