অগ্নিকাণ্ডের চার দিন পর গতকাল শুক্রবারও গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের ধসে পড়া অংশে ধোঁয়া দেখা গেছে। ব্যবসায়ীরা গতকাল পাকা মার্কেটের ভালো অংশের কিছু দোকান খুলে দেওয়া হয়েছে বলে জানান।
সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওই মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় যদি কারও গাফিলতি থাকে, তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার বিকেলে মার্কেটের সামনে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছিলেন, বুয়েটের বিশেষজ্ঞ দল দিয়ে পাকা মার্কেট ভবন পরীক্ষা করানো হবে। কাল-পরশু মার্কেট চালু হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
তবে গতকাল সকাল থেকেই পাকা মার্কেটের ব্যবসায়ীরা বলতে থাকেন, জুমার নামাজের পর মার্কেট খুলে দেওয়া হবে। জুমার নামাজের পর পাকা মার্কেটের সামনে ব্যবসায়ীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তালাল রেজভী বলেন, ‘মার্কেটটি আজ (শুক্রবার) থেকে খুলে দেওয়া হলো। পাকা মার্কেটের ২০ শতাংশ দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে অংশ ভালো আছে, এর মধ্যে সামনের দিকের ৪০ শতাংশ দোকানই খুলে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করেই মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিকেলে ডিএনসিসি মার্কেট পরিদর্শনে যান মেয়র আনিসুল হক। পাকা মার্কেট খুলে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কোনো সংঘাত নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছে পাকা মার্কেটটি ভালো আছে। তবে এটি ঝুঁকিপূর্ণ কি না, সেটা কেউ বলতে পারছেন না। এখন দোকান খোলার কারণে কোনো ধরনের দুর্ঘটনা হলে এর দায় ব্যবসায়ীদের নিতে হবে। তিনি বলেন, মার্কেট খোলার ব্যাপারে আর কয়েকটা দিন ব্যবসায়ীরা অপেক্ষা করলে ভালো হতো।
গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের দুটি অংশের মধ্যে কাঁচা মার্কেট ধসে পড়ে এবং অপর অংশ পাকা মার্কেটের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল সারা দিনই ধসে পড়া কাঁচা মার্কেট অংশে ধোঁয়া দেখা যায়। বেশি ধোঁয়া বের হলেই সেখানে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বারিধারা ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুস সালাম বলেন, ভবনটি ধসে পড়ায় সব জায়গায় পানি পৌঁছায়নি। এখন আগুন আর নেই। কিন্তু যেহেতু ধোঁয়া দেখা যাচ্ছে, তাই ধোঁয়ার উৎসে পানি ছিটানো হচ্ছে।
দেখা যায়, পাকা মার্কেটের ব্যবসায়ীরা পুড়ে যাওয়া ও নষ্ট মালপত্র বাইরে এনে স্তূপ করে রাখছেন। ভেতরে ধোয়ামোছা চলছে। বেশ কিছু দোকানে পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। নতুন করে দোকান গোছানোতে ব্যস্ত ব্যবসায়ীরা।
অন্যদিকে ধসে পড়া কাঁচা মার্কেট সমিতির নেতারা গতকাল দোকানিদের একটি ফরম দিয়েছেন। তাতে দোকানের নাম, মালিকের নাম, কত টাকার সামগ্রী ছিল এসব তথ্য জানতে চাওয়া হয়। ধসে পড়া ভবনের পেছনের অংশে কয়েকজন দোকানি বাইরে থেকে লাঠি, রড বাঁকা করে মালপত্র বের করার চেষ্টা করছিলেন।
ধ্বংসস্তূপের মধ্যে রড দিয়ে কিছু বের করার চেষ্টা করছিলেন প্রসাধনী সামগ্রীর এক দোকানি। তিনি বলেন, যে ক্ষতি হওয়ার তা তো হয়েছেই। এখন ধ্বংসস্তূপের জঞ্জাল থেকে যদি কিছু উদ্ধার করা যায়, সেটাই লাভ। মূলত ক্যাশে থাকা কয়েক লাখ টাকা উদ্ধারই তাঁর মূল লক্ষ্য।