কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের ধসে পড়া দেয়াল গত এক বছরেও নির্মাণ করা হয়নি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কয়েক দফা চিঠি চালাচালি হলেও বরাদ্দ মেলেনি। কলেজ সূত্রে জানা গেছে, ২০১১ সালের মার্চ মাসে কলেজের নওয়াব হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাস ও হজরত আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাসের পূর্ব ও উত্তর কোনার ৪৫০ ফুট দেয়াল ধসে পড়েছে। কয়েক দফা চিঠি চালাচালি হলেও সীমানাপ্রাচীর নির্মাণের জন্য কোনো ধরনের বরাদ্দ পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে উভয় ছাত্রীনিবাসের ৬৩০ জন ছাত্রী ও পুরো কলেজ এলাকা নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। ওই সুযোগে স্থানীয় বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীর মালামাল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ ফেব্রুয়ারি ও মার্চ মাসে কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির দুটি সভা হয়। ছাত্রীনিবাসের বেশ কয়েকজন ছাত্রী জানান, কলেজ ও হোস্টেল তত্ত্বাবধায়ককে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়নি। আতঙ্কের মধ্য দিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে। কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং নওয়াব হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মো. জামাল নাছের বলেন, ‘অর্ধ শতাব্দীর পুরোনো ওই কলেজের সীমানাপ্রাচীর বহু আগে নির্মিত হয়। দীর্ঘ সময় সেগুলো সংস্কার না হওয়ায় এর পলেস্তারা খসে পড়েছে।’ কলেজের অধ্যক্ষ ইন্দু ভূষণ ভৌমিক বলেন, ‘সীমানাপ্রাচীর তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অর্থ বরাদ্দ হয়নি। বখাটেপনার বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।’