ধসে পড়া বেইলি সেতুতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধসে পড়া বেইলি সেতুটি পড়ে আছে নদীর মধ্যে। ভাঙা সেতুর দুই প্রান্তে তৈরি করা হয়েছে দুটি মাটির রাস্তা। সেই রাস্তা দিয়ে হাত-ধরাধরি করে লোকজন যাচ্ছেন নদীর মাঝে। এরপর বাঁশের সাঁকোর ওপর দিয়ে পার হচ্ছেন নদী। ওপারে গিয়ে আবার মাটির রাস্তা বেয়ে উঠছেন ওপরে।
যশোর-মাগুরা মহাসড়কের শালিখা উপজেলার সীমাখালী সেতুটি পাথরবোঝাই দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানসহ চিত্রা নদীতে ধসে পড়ে গত ১৩ ফেব্রুয়ারি। পরে কাভার্ড ভ্যানটি টেনে ওপরে তোলা হয়।
খুলনা, যশোর ও সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাসগুলো যশোর-মাগুরা মহাসড়ক দিয়ে যাতায়াত করে। সেতুটি ধসে পড়ায় বাসগুলো ঝিনাইদহ হয়ে ঢাকায় যাতায়াত করছে। এতে সময় বেশি লাগছে। দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয় কয়েকজন বলেন, চিত্রা নদীর উত্তর পাশে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী গ্রাম। দক্ষিণ পাশে যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রাম। ১৯৮৪-৮৫ সালের দিকে চিত্রা নদীর ওপর আনুমানিক ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মাণ করা হয়।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চিত্রা নদীর এপার-ওপারজুড়ে পড়ে আছে ধসে পড়া সেতুটি। সেতু থেকে পূর্ব দিকে প্রায় ১৫ গজ দূরে নদীর মধ্যে তৈরি করা হয়েছে একটি বাঁশের সাঁকো। সাঁকোটি তৈরি করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সেতুর গা ঘেঁষে দুই পাড়ে মহাসড়ক থেকে মাটি কেটে সিঁড়ি তৈরি করে নদীর তলদেশ পর্যন্ত নেওয়া হয়েছে। নদীর যে অংশে পানি আছে, সেখানেই সাঁকোটি তৈরি করা হয়েছে। মানুষ কষ্ট করে মাটির সিঁড়ি বেয়ে নিচে নেমে সাঁকোর ওপর দিয়ে নদী পার হয়ে একইভাবে সিঁড়ি বেয়ে মহাসড়কে উঠছে। মাগুরা থেকে ছেড়ে আসা বাস সেতুর উত্তর পাশ সীমাখালী পর্যন্ত এবং যশোর থেকে ছেড়ে আসা বাস সেতুর দক্ষিণ পাশ পাঠান পাইকপাড়া পর্যন্ত যাতায়াত করছে। বাস থেকে নেমে যাত্রীরা ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে ওপারে গিয়ে আবার বাসে উঠছেন।
সাঁকো থেকে পূর্ব দিকে প্রায় ৩০ গজ দূরে আরেকটি বাঁশের সাঁকো তৈরি করেছে স্থানীয় ছাত্রলীগ। নদীর উভয় পাশে মহাসড়ক থেকে কিছুটা দূরে পাড় কেটে মাটির রাস্তা তৈরি করা হয়েছে। ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল, ভ্যান ও সাইকেল নেওয়া হচ্ছে। এরপর সাঁকো দিয়ে নদী পারাপার করা হচ্ছে।
জামাইবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন যশোর সদর উপজেলার চান্দি গ্রামের হাজারী মণ্ডল। সাঁকো পার হওয়ার সময় তিনি বলেন, ‘রাস্তা থেকে নদীর মধ্যে নামতে খুব কষ্ট হয়েছে। উঠতেও কষ্ট হবে। আগে জানলে এত কষ্ট করে এই রাস্তা দিয়ে আসতাম না।’
এ ব্যাপারে মন্তব্য জানতে মাগুরা সওজের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদারের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।