ধসে পড়া রানা প্লাজার সামনে কর্মসূচি পালনে বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধসে পড়া রানা প্লাজার সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আজ সোমবার সকাল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। সেখানে জলকামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন রয়েছে।


শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের মাইক ব্যবহারসহ স্বাধীনভাবে কোনো কর্মসূচি পালন ও জমায়েতের সুযোগ দেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বেদিতে ফুল দেওয়ার পর অনেকে বিচ্ছিন্নভাবে বক্তব্য দেন।

বক্তব্যে শ্রমিক সংগঠনের নেতারা ধসে পড়া রানা প্লাজার ভবনের জায়গাটি শ্রমিকদের পুনর্বাসনে ব্যবহার ও নিহত ব্যক্তিদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আজ ভোর থেকে তারা যেসব কর্মসূচি পালন করতে চেয়েছিল, সেগুলো তাদের করতে দেওয়া হয়নি।

এসব অভিযোগ অস্বীকার করে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে শ্রমিক সংগঠনগুলোকে কর্মসূচি পালনে কোনো বাধা দেওয়া হয়নি। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁরা তৎপর ছিলেন।