ধসে পড়ার আশঙ্কায় ঘিওর সেতু দিয়ে যান চলাচল বন্ধ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ঘিওর সেতুর স্তম্ভের পাশ থেকে মাটি সরে যাওয়ায় তা ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ আশঙ্কায় তিন দিন ধরে সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সেতুটি বন্ধ করে দেওয়ায় ব্যস্ততম ঘিওর-দৌলতপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে জেলা সদরের সঙ্গে দৌলতপুর উপজেলার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। সিরাজগঞ্জের চৌহালি ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঘিওর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ওই সড়কের ধলেশ্বরী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। ওই বছর ৩০ জুন সেতুটি দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল শুরু করে। গত কয়েক দিনে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এতে সেতুর দুটি স্তম্ভের পাশ থেকে অনেকটা মাটি সরে গেছে। দুর্ঘটনা এড়াতে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে গ্রামপুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।