ধসে পড়েছে পটুয়াখালী স্টেডিয়ামের একাংশ
পটুয়াখালীর একমাত্র স্টেডিয়ামটির উত্তর পাশের দর্শক গ্যালারিসহ এর মূল ভবনের দ্বিতল ছাদের একটি অংশ ধসে পড়েছে। গত শনিবার বিকেলে হঠা ৎ বিকট শব্দে ওই অংশটি ধসে পড়ে। এক যুগ আগে স্টেডিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়াম ভবন থেকে ভাড়াটেদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়। এ ছাড়া খেলোয়াড়সহ সবাইকে স্টেডিয়ামের আশপাশ এলাকায় না যাওয়ার অনুরোধ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৬৯ সালে নতুন জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর গঠিত হয় পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। এই প্রেক্ষাপটে ১৯৭৭-৭৮ সালের অর্থবছরে ত ৎ কালীন জেলা প্রশাসক শাকুর আহমেদের পদক্ষেপে স্টেডিয়ামটি নির্মিত হয়। তবে কত টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মিত হয়েছিল তা জানা যায়নি। পরে ১৯৯৮ সালের ১৯ জুলাই স্টেডিয়াম উন্নয়ন কমিটির সভায় স্টেডিয়ামটি বর্ধিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২৪ লাখ ৩২ হাজার ৭৬৩ টাকা ব্যয়ে স্টেডিয়ামটি বর্ধিতকরণের কাজ শেষ হয়। বর্তমানে স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ১০ হাজার। জেলায় সব ধরনের খেলাধুলার পাশাপাশি এই স্টেডিয়ামে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠান পালিত হয়। এদিকে দীর্ঘদিনেও স্টেডিয়ামটি কোনো ধরনের সংস্কারের আওতায় না আসায় ক্রমান্বয়ে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দর্শক গ্যালারিসহ বিভিন্ন স্থানে পলেস্তারা উঠে গিয়ে ক্ষয়ে যাওয়া লোহার রড বেরিয়ে পড়েছে। এ অবস্থায় শনিবার বিকেলে হঠা ৎ মূল ভবনের উত্তর দিকের দ্বিতল ছাদসহ স্টেডিয়ামের অংশবিশেষ ধসে পড়ে। ভেঙে পড়ে দর্শক গ্যালারির কিছু অংশসহ ভবনের চারটি স্তম্ভ। এক যুগ আগে স্টেডিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও ক্রীড়ামোদী-দর্শক-খোলোয়াড়েরা ঝুঁকি নিয়েই এত দিন ধরে এটি ব্যবহার করে আসছেন।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন জানান, এক যুগ আগে স্টেডিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই পটুয়াখালীসহ ৩২টি জেলা ও উপজেলায় স্টেডিয়াম নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতিটির ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। তবে দ্রুত স্টেডিয়াম নির্মাণ করে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হলে পটুয়াখালীর ক্রীড়াঙ্গন আবার প্রাণ ফিরে পাবে।