ধসে পড়েছে মগড়া সেতুর বিকল্প পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা শহরে নির্মাণাধীন মগড়া সেতুর পাশে একটি বিকল্প পথের মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
নেত্রকোনা শহরে নির্মাণাধীন মগড়া সেতুর পাশে একটি বিকল্প পথের মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

নেত্রকোনা শহরে গতকাল শুক্রবার নির্মাণাধীন মগড়া সেতুর পাশে একটি বিকল্প পথের মাটি ধসে পড়েছে। এতে ওই পথ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আরেকটি বিকল্প পথ দিয়ে হালকা যানবাহন চলাচল করলেও সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে।
শহরের মোক্তার পাড়া এলাকায় মগড়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর গত ফেব্রুয়ারিতে মূল সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয়। নদীতে পানির বৃদ্ধি পাওয়ায় গত ২ এপ্রিল থেকে কাজ বন্ধ রয়েছে। নির্মাণাধীন সেতুর দুই পাশে স্টিলের পাটাতন দিয়ে যানবাহন চলাচলের জন্য দুটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। গতকাল সকাল আটটার দিকে পূর্ব দিকের বিকল্প সেতুটির দক্ষিণ পাশে মাটি ধসে পড়ে। শহর থেকে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহসহ সারা দেশে সড়ক যোগাযোগের এটাই প্রধান রাস্তা।
মোক্তারপাড়া এলাকার বাসিন্দা হায়দার জাহান চৌধুরী বলেন, বিকল্প সেতুটির গোড়ার দিকে মাটি ধসে যাওয়ায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। পথচারীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতির কারণেই এমনটি হয়েছে।
সকাল নয়টার থেকে আট ঘণ্টা ধরে মাল নিয়ে আটকা পড়েছেন ট্রাকচালক আবেদ মিয়া। তিনি সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বলেন, ‘ময়মনসিংহ থেকে মাল নিয়ে মোহনগঞ্জ যাচ্ছিলাম। কখন যে সেতু সচল হবে, তা বুঝতে পারছি না। ভারী মালামাল নিয়ে যাওয়ার আর বিকল্প পথও নেই।’
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, বিকল্প সেতুটির গোড়ায় বস্তাভর্তি মাটি, বালু, বাঁশ ও কাঠ দিয়ে দেওয়া হচ্ছে। আজ রাত (গতকাল) নয়টার মধ্যেই এটি সচল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সময়ক্ষেপণ করায় নির্ধারিত সময়ে সেতুর নির্মাণকাজ শেষ হয়নি। যথাসময়ে কাজ করতে প্রতিষ্ঠানটিকে অন্তত পাঁচবার নোটিশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান রিজভী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মালিক হোসাইন আহম্মেদ মুঠোফোনে বলেন, ‘পথটি সচল করতে আমার লোকজন কাজ করছে। পুরোনো সেতুতে পানি, গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের লাইন ছিল। এ চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এগুলো বিচ্ছিন্ন করতে সময় লেগেছে। পানি কমলে আগামী নভেম্বরে সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।
সওজ সূত্র জানায়, ২০১৫ সালের ডিসেম্বরে মগড়া সেতুর দরপত্র আহ্বান করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৭২ দশমিক ৬ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। এতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৭৮ লাখ টাকা। নির্মাণের কাজ পায় মেসার্স রিজভী কনস্ট্রাকশন নামে ময়মনসিংহের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের ১৯ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ২০১৬ সালের জানুয়ারিতে শুধু সেতুর এক পাশে বিকল্প পথ করে কাজ ফেলে রাখা হয়। এরপর ২০ নভেম্বর অপর পাশে (পূর্ব দিকে) দ্বিতীয় বিকল্প পথের কাজ শুরু হয়। পুরোনো সেতুটি ভেঙে মূল সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয় ১৮ জানুয়ারি। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত ২ এপ্রিল থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে গত ৬ মে প্রথম আলোয় ‘আবারও পেছাল মগড়া সেতুর নির্মাণকাজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।