ধসে পড়েছে সড়ক, সাঁকো দিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধসে পড়েছে খিলগাঁওয়ের নাসিরাবাদের প্রধান সড়কের একাংশ। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ধসে পড়েছে খিলগাঁওয়ের নাসিরাবাদের প্রধান সড়কের একাংশ। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

সড়কের বেশ কিছু স্থানের ইট ধসে পড়েছে। কয়েকটি স্থানে সরে গেছে মাটি। সড়কের একটি অংশের প্রায় ১৪ ফুট বিলীন হয়ে গেছে। সেখানে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। নারী-শিশু-বৃদ্ধ সবাই সেই সাঁকো দিয়ে রাস্তা পার হচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার খিলগাঁও থানার নাসিরাবাদে গিয়ে এই চিত্র চোখে পড়ে। গত বুধবারের বৃষ্টিতে সড়কের এই হাল হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, মুষলধারে বৃষ্টি হলে নাসিরাবাদ ইউনিয়নের প্রধান সড়কের ত্রিমোহনী থেকে ইটখোলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের বিভিন্ন স্থান ধসে পড়ে। তখন ভোগান্তি পোহাতে হয় ১০ গ্রামের ৩০ হাজারেরও বেশি মানুষকে।

নাসিরাবাদ ইউনিয়নের গ্রামগুলো হলো নাসিরাবাদ, নাগদারপার, শেখের জায়গা, গৌড়নগর, ইদারকান্দি, বালুরজায়গা, বালুরপাড়, দাসেরকান্দি ও ভাইগদিয়া। এর উত্তরে বেরাইদ ইউনিয়ন, পূর্বে কায়েতপাড়া ইউনিয়ন, দক্ষিণে ডেমরা ও পশ্চিমে দক্ষিণগাঁও ইউনিয়ন। নাসিরাবাদের প্রধান সড়ক ব্যবহার করে এসব অঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন রাজধানীর নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো ও রামপুরায় চলাচল করে। নাসিরাবাদসহ আটটি ইউনিয়নকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে যুক্ত করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গৌড়নগর গ্রামে সড়কের প্রায় ১৪ ফুট পাশের ডোবায় বিলীন হয়ে গেছে। এতে সড়ক দিয়ে সরাসরি যান চলাচল বন্ধ। সেখানে তৈরি করা বাঁশের সাঁকো পার হতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী, স্কুলের শিশু ও বৃদ্ধদের।

স্থানীয় লোকজন চাঁদা তুলে সড়কটি মেরামতের চেষ্টা করছেন। স্থানীয় ১০-১২ জন ব্যক্তি বলেন, প্রায় পাঁচ বছর আগে সড়কে ইট বিছানো হয়। কিন্তু এখনো পাকা হয়নি।

গৌড়নগরের বাসিন্দা ইমাম হোসেন বলেন, শুধু নাসিরাবাদের নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের লোকজনও এই রাস্তা দিয়ে চলাফেরা করে।

নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান আকবর হোসেন বলেন, সড়কের পাশে পানি নিষ্কাশনের কোনো নালা নেই। তাই বৃষ্টি হলে সড়ক ভেঙে যায়। তিনি বলেন, ‘সড়কটি পাকা করার জন্য ডিএসসিসি বরাদ্দ দিয়েছে বলে শুনেছি। তবে নিশ্চিত করে বলতে পারছি না।’

এ ব্যাপারে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, নাসিরাবাদের ওই সড়কসহ ডিএসসিসিতে যুক্ত হওয়া আটটি ইউনিয়নের সড়ক সংস্কারের জন্য বিভিন্ন প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে।