ধসে যাচ্ছে উভয় তীরের বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও মাটি কেটে ট্রাক্টর দিয়ে আনা-নেওয়ার কারণে কুমিল্লার গোমতী নদীর উভয় তীরের বাঁধ ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারদলীয় নেতা-কর্মীদের প্রত্যক্ষ মদদে ওই বাঁধ ধ্বংস করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। বাঁধ দেখভালের দায়িত্ব যার, সেই পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থানায় অভিযোগ দিয়েই দায়িত্ব শেষ করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার জিরো পয়েন্ট থেকে দাউদকান্দি পর্যন্ত ১৪১ কিলোমিটার এলাকাজুড়ে উভয় তীরে গোমতী বাঁধ। এর মধ্যে আদর্শ সদর উপজেলা, বুড়িচং, দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার অংশে প্রতিনিয়ত মাটি কেটে বাঁধের বিভিন্ন স্থানে ঢাল ও চূড়া কেটে ট্রাক্টর ওঠা-নামা করে। ১০০টি জায়গা দিয়ে প্রতিদিন কমপক্ষে পাঁচ শতাধিক ট্রাক্টর ওঠা-নামা করছে।গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আদর্শ সদর উপজেলার টিক্কাচর এলাকায় বালুমহাল তৈরি করে নদীর পাড় কেটে বিশাল গর্ত তৈরি করা হয়েছে। একই অবস্থা কাপ্তানবাজার, ভাটপাড়া, বদরপুর, পালপাড়া, আলেখারচর, কংশনগর ও জাফরগঞ্জ এলাকাতেও। এর মধ্যে আলেখারচর এলাকায় ২০১০ সালের ১৫ ডিসেম্বর প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বাঁধ-প্রতিরক্ষামূলক কাজ করা হয়। কিন্তু সেখানে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। চলছে দেদারসে মাটি কাটার কাজও।স্থানীয় বাসিন্দা আবু হানিফ, জসিম উদ্দিন ও মফিজুর রহমান জানান, ২০০৪ ও ২০০৭ সালে গোমতী নদীর বাঁধ ভাঙার কারণে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায়। এবার বর্ষা মৌসুমে বন্যার পানি এলে একই অবস্থা হবে। গত দুই বছরে ক্ষমতাসীন দলের লোকজন নদীর ভেতর থেকে বালু ও মাটি বিক্রি করে সাবাড় করে ফেলছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। বিপর্যয় হচ্ছে পরিবেশের।ট্রাক্টরের বেশ কয়েকজন চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, নদীর মাটি বিভিন্ন ইটের ভাটা ও বাড়ির কাজে নেওয়া হয়। এ ক্ষেত্রে ইটের ভাটার জন্য প্রতি ট্রাক্টর মাটির দাম ৮০০ টাকা আর কুমিল্লা শহরের বাড়ির কাজের জন্য ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে।কুমিল্লা নদী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (পওর) বাম বাঁধ শাখার উপসহকারী প্রকৌশলী মো. সেলিম জানান, গোমতী নদীকে কেন্দ্র করে তিনটি বিষয় পরিলক্ষিত হচ্ছে। এর মধ্যে নদীর উভয় তীরের বাঁধের মালিক পানি উন্নয়ন বোর্ড, বাঁধের নিচের জমির মালিক সংশ্লিষ্ট এলাকার কয়েকজন বাসিন্দা এবং নদীর মালিক ভূমি মন্ত্রণালয়। তিনটি বিভাগের সমন্বয় না থাকার কারণে গোমতী বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে বাঁধের ভেতর বাড়ি তৈরি, নদী থেকে বালু উত্তোলন ও জমি থেকে মাটি কেটে বাঁধ ক্ষতিগ্রস্ত করা হয়। এ ব্যাপারে দফায় দফায় উচ্ছেদ নোটিশ দিলেও কার্যকর কোনো সমাধান হয়নি।পাউবো সূত্রে জানা গেছে, গোমতীর উভয় তীরের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প বাবদ ৭৩ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। আগামী তিন বছরে ওই প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে চলতি অর্থবছরে ১২ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আগামী ৭ ও ১৮ এপ্রিল এর দরপত্র খোলা হবে। এতে বাঁধ ৪ দশমিক ৩ মিটার উঁচু করা হবে। পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাঁধ রক্ষার জন্য ট্রাক্টর ধরতে থানায় অভিযোগ করেছি। মাঝেমধ্যে মোবাইল কোর্টও পরিচালিত হচ্ছে। কিন্তু এতেও বাঁধ রক্ষা করা যাচ্ছে না।’পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক ভূঁইয়া বলেন, ‘অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত থানায় ৪৩টি অভিযোগ করা হয়েছে। জেলা প্রশাসনকেও বিষয়টি বিভিন্ন সময়ে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বর্তমান প্রকল্প বাস্তবায়ন করতে হলে গোমতী বাঁধের উভয় তীর থেকে অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ করতে হবে। গাছগাছালি সরাতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সহযোগিতা লাগবে।’