ধসের আশঙ্কায় পাহাড়ে উচ্ছেদ
চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। অতিবৃষ্টির কারণে ধসের আশঙ্কায় আজ শনিবার এ পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
সকাল থেকে নগরের মতিঝরনা, বাটালি পাহাড় এলাকার শতাধিক বাসিন্দাদের উচ্ছেদ করা হয়। এর আগে গতকাল শুক্রবার মাইকিং করে এবং সরেজমিনে গিয়ে পাহাড় থেকে বাসিন্দাদের সরে যাওয়ার অনুরোধ জানায় কর্তৃপক্ষ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের এই উচ্ছেদ কার্যক্রম তদারক করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘৬৬৬টি পরিবারকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। নিরাপত্তার স্বার্থে তাদের উচ্ছেদ করা হচ্ছে।’
টানা দ্বিতীয় দিনের মতো আজও বৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে এই বৃষ্টিপাত হচ্ছে বলে পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
টানা ভারী বৃষ্টির কারণে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক-দুই ফুট অধিক উচ্চতায় প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বেশির ভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। চকবাজার, কাপাসগোলা ও বহদ্দারহাটের বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
নগরের বাকলিয়া, আগ্রাবাদ, চকবাজার, কাপাসগোলা, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি উঠে গেছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।