
কক্সবাজার শহরের বাইপাস সড়কের উত্তর পাশে প্রায় ৮০ ফুট উঁচু পাহাড়। গত তিন দিনের ভারী বর্ষণে পাহাড়টির চূড়ার কিছু অংশ ধসে গেছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এরপরও পাহাড়ের বাসিন্দারা ঘর ছাড়ছে না।
সরকারি এই পাহাড়টির চূড়ায় পর্যন্ত বসতি। ঢালু, পাদদেশে তো আছেই। পাহাড়ে ওঠা-নামার জন্য মাটি কেটে তৈরি করা হয়েছে ‘সিঁড়ি’। আছে বিদ্যুৎ-সংযোগও।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, পাহাড়টির একেবারে চূড়ায় একটি টিনের ঘর। দুই কামরার ঘরটিতে বসবাস করছে একটি পরিবার। ঘরের পাশেই রয়েছে সদ্য মাটি ধসে পড়ার চিহ্ন।
দুই স্ত্রী, চার ছেলেমেয়ে নিয়ে ওই ঘরটিতে বসবাস করছেন মহেশখালীর বাসিন্দা কালা মিয়া (৪৮)। তিনি বলেন, ঘরের মালিক চকরিয়ার এক ব্যক্তি। তিনি ভাড়ায় থাকেন। ঘরটি ফেলে অন্য কোথাও গেলে অন্যরা তা দখল করে নেবে। তাই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে থেকে নামছেন না।
গতকাল বাইপাস সড়কের দুই পাশের একাধিক পাহাড় ঘুরে দেখা গেছে, পাহাড়টির চূড়ায় ৪০টির বেশি ঝুঁকিপূর্ণ ঘর। এসব পাহাড়ের বাসিন্দারাও ঘর ছাড়তে নারাজ। বৃষ্টির জন্য লোকজন নিচেও নামতে পারছে না। পাহাড়ের ওঠা-নামার মাটির সিঁড়ি পিচ্ছিল হয়ে গেছে।
গত সোমবার গভীর রাতে শহরের লাইট-হাউস পাহাড় ও টেকনাফ-কক্সবাজার সড়কের চেইন্দা এলাকার (রামুর) কাইম্যারঘোনায় পাহাড়ধসে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ নিয়ে তিন দিনের মাথায় আবার পাহাড়ধস হয়েছে। ২২ জুলাই শহরতলির হিমছড়ি ঝর্ণার পাশে একটি পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়। এ ছাড়া ১৪ জুন টেকনাফের হোয়াইক্যং এলাকায় পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার রাতের ভারী বর্ষণে বাদশাঘোনা, খাজা মঞ্জিল, বৈদ্যরঘোনা এলাকার তিনটি পাহাড়ের অন্তত সাতটি অংশ ধসে পড়েছে। ভেঙে গেছে ১২টির ঘর। তবে কেউ হতাহত হয়নি।
এদিকে গতকাল জেলা প্রশাসন বৈদ্যরঘোনা ও লাইট-হাউস এলাকা থেকে প্রায় ৮০০ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। তাদের রাখা হয়েছে চারটি আশ্রয়কেন্দ্রে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ বলেন, স্থানীয় প্রভাবশালীরা রোহিঙ্গাদের দিয়ে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করেন। তারপর রোহিঙ্গাসহ ভাসমান লোকজনকে দিয়ে সেসব ঘর পাহারা দিচ্ছেন। এ কারণে পাহাড়নিধন ও বসবাস কোনোটাই বন্ধ করা যাচ্ছে না।
কক্সবাজারে বড় পাহাড়ধস হয় ২০০৯ সালে ১৫ জুন। তখন হিমছড়িতে ছয়জন সেনাসদস্যসহ জেলার বিভিন্ন স্থানে এক দিনে ৫৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর পরিবেশবাদী সংগঠনগুলো পাহাড় কাটা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সোচ্চার হয়। কিন্তু পাহাড় কাটা বন্ধ হয়নি। গত বছরের (২০১৬) জুন মাসেও শহরের লাইট-হাউসে পাহাড়ধসে মা-মেয়েসহ পাঁচজনের মৃত্যু হয়।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, শহরের ১২টি পাহাড়ের প্রায় ২ হাজার ১০০ একর ভূমি কেটেই তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ ৩ হাজারের বেশি ঘরবাড়ি। এর মধ্যে প্রায় ৬০০টি ঘরবাড়ি মারাত্মক ঝুঁকিপূর্ণ। সামান্য বাতাসে এসব ঘরবাড়ি ধসে পড়ে প্রাণহানি ঘটতে পারে। তাই ঝুঁকিপূর্ণ ঘরবাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে।
সরদার শরিফুল ইসলাম আরও বলেন, গত দেড় মাসে কয়েক দফার বৃষ্টিপাতের সময় শহরের ছয়-সাতটি পাহাড়ের শতাধিক ঝুঁকিপূর্ণ বসতি থেকে অন্তত ২ হাজার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছিল। কিন্তু বৃষ্টি থামলেই তারা আবার পাহাড়ের বসতিতে চলে যায়। এখন ভারী বর্ষণের কারণে আবার পাহাড়ে বিভিন্ন অংশে ফাটল ধরেছে।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, বৃষ্টিপাত শুরু হলেই পাহাড়ি এলাকায় মাইকিং শুরু হয়। এ সময় লোকজনকে পাহাড় ছেড়ে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়। কিন্তু তাতে তেমন সাড়া মিলছে না। পৌরসভার আটটি ওয়ার্ডে ১০টির মতো আশ্রয়কেন্দ্র খোলা হলেও পাহাড়ের অল্পসংখ্যক লোক কিছুক্ষণের জন্য আসছে।