ধসের ভয়ে মাঠেই পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরাজীর্ণ ভবনটি ধসে পড়তে পারে যেকোনো সময়। তাই বারান্দায় বসে প্রথম সাময়িকী পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: আবদুর রহমান ঢালী, দাউদকান্দি
জরাজীর্ণ ভবনটি ধসে পড়তে পারে যেকোনো সময়। তাই বারান্দায় বসে প্রথম সাময়িকী পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: আবদুর রহমান ঢালী, দাউদকান্দি

দেয়ালে ফাটল তো আছেই, ছাদের পলেস্তারা খসে বেরিয়ে পড়েছে রড। যেকোনো সময় স্কুল ভবনটির ধসে পড়ার আশঙ্কা জোরালো। তাই ভেতরে ক্লাস নিতে ভয় পান শিক্ষকেরা। শিক্ষার্থীরাও দুরু দুরু। অগত্যা বারান্দা আর মাঠে চলছে শিশুশিক্ষার্থীদের পাঠ।

প্রয়োজনে গাছতলায়ও শিক্ষার্থীদের বসিয়ে পড়াচ্ছেন শিক্ষকেরা। এক বছরের বেশি সময় ধরে এ পরিস্থিতি দাউদকান্দি উপজেলার ওলানপাড়া প্রকাশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

দাউদকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে স্কুলের প্রধান শিক্ষককে শ্রেণীকক্ষে পাঠদান না করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকে বারান্দা ও মাঠে পড়াশোনা চলছে শিক্ষার্থীদের।

এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ভবনের ধরনা ও দেয়ালে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ও রায়হানের ভাষ্য, ভবনে ফাটল দেখা দেওয়ায় ক্লাসে যেতে খুবই ভয় হয়। এখন কষ্ট হলেও রোদ-বৃষ্টিতে  মাঠেই পড়তে হয়। বৃষ্টি হলে ক্লাস বন্ধ হয়ে যায়।

রামনগর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে মেহেরুন্নেছা পঞ্চম শ্রেণীতে পড়ে। জহিরুল বলেন, মাঠে পাঠদান করায় তাঁর মেয়ে স্কুলে যেতে চায় না।

স্কুলের সহকারী শিক্ষক রোজিনা আক্তার বলেন, প্রচণ্ড গরমে বারান্দায় আর গাছতলায় ক্লাস ও পরীক্ষা নিতে খুবই কষ্ট হচ্ছে। বৃষ্টি শুরু হলে ছাত্রছাত্রীরা নিজ থেকে চলে যায়। তখন স্কুল এমনিতেই ছুটি হয়ে যায়।

স্কুলের পরিচালনা কমিটি জানায়, স্কুলটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্কুলে  শিক্ষার্থী ২৩৩ জন। শিক্ষক চারজন। ১৯৯৫ সালের ১ ডিসেম্বর  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করে।

কমিটির সভাপতি আবদুল ওহাব সরকার বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করায় ভবনে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, স্কুলের জরাজীর্ণ অবস্থা সম্পর্কে তিনি জানেন। তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগকে নতুন ভবন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।