সংঘর্ষ, ভাঙচুর, আগুন ও ধরপাকড়ের মধ্য দিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টার হরতাল। হরতালের শেষ ২৪ ঘণ্টায় পিকেটারদের ধাওয়ায় বগুড়ার শেরপুরে কাঁচামালবাহী একটি ট্রাক খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতায় আহত হয়েছে ৮০ জন। এ ছাড়া ১৯টি গাড়িতে অগ্নিসংযোগ ও ৪৩টি গাড়ি ভাঙচুর করা হয়। তাজা ককটেল উদ্ধার করা হয়েছে ৩৯টি। বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালত ১২ জনকে সাজা দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বিএনপি-জামায়াত-সমর্থকেরা ১২টি গাড়ি ভাঙচুর করেছেন ও আগুন দিয়েছেন। ককটেল ফাটিয়েছেন ৩৮টি।
গতকালও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও র্যাবের পাহারা ছিল। বেলা দুইটায় কার্যালয়ে ঢুকতে গেলে বিরোধী দলের তিন নারী সাংসদ নিলুফার চৌধুরী, রাশেদা বেগম ও শাম্মী আক্তারকে আটক করে পুলিশ। অবশ্য পরে রূপসী বাংলা হোটেলের সামনে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার শেরপুরে ট্রাক দুর্ঘটনায় আহত কাঁচামাল ব্যবসায়ী ফজলুর রহমান বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘোগা এলাকায় রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন পিকেটার তাঁদের ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় চালক দ্রুত ওই এলাকা পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকমালিক জিয়াউর রহমান (৩৫) ও অপর কাঁচামাল ব্যবসায়ী আসাদুল ইসলাম (৪৫) মারা যান।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে পিকেটারদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় নয়টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় অন্তত ১০টি গাড়ি।
লালমনিরহাটে মঙ্গলবার রাত আড়াইটার দিকে বুড়িমারী-পাটগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে বুড়িমারী-লালমনিরহাটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লালমনিরহাট রেলের সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক মো. সাজ্জাদ হোসেন বলেন, দুর্বৃত্তরা ১২৬ ফুট লাইন তুলে ফেলায় ৭২ ডাউন কমিউটার ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি উদ্ধার করতে ২৪ ঘণ্টা বা তারও বেশি সময় লাগতে পারে।
এদিকে লালমনিরহাট সদর হাসপাতাল রোডে গতকাল বিকেলে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এস জিয়াউর রহমানকে কুপিয়ে জখম করেছেন হরতাল-সমর্থকেরা। এর আগে মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইবনুল ওয়াসিভকে কুপিয়ে জখম করা হয়।
পাবনার ফরিদপুর উপজেলা সদরে সকালে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হন দুজন। সংঘর্ষে ফরিদপুর থানার ওসি আকরাম হোসেন ও স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক আহত হন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশ ও হরতাল-সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটাররা। পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করেছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও জামায়াতের ৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার বাজারে হরতাল-সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ১৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেল। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির দাবি, পুলিশের গুলিতে তাদের ১০-১২ জন কর্মী আহত হয়েছে।
বাগেরহাটের শরণখোলা বাসস্ট্যান্ড ও রায়েন্দা বাজারে মঙ্গলবার সন্ধ্যায় দুই দফা হামলা চালিয়ে ১১টি বাস ও ১০টি দোকান ভাঙচুর চালান বিএনপির কর্মীরা। উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন খানের ওপর হামলা ও তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে। বিএনপির ১০ কর্মী গ্রেপ্তার হয়েছেন।
খুলনার কয়রা উপজেলায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা সবাই বিএনপির কর্মী। তাঁরা কয়রা-খুলনা সড়কের চাঁদআলী সেতু এলাকায় গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতু এলাকায় মঙ্গলবার রাতে মাছভর্তি একটি গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। এতে গাড়িচালক মো. আলী (৩০) আহত হন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জয়পুরহাট শহরে হরতাল-সমর্থকদের মিছিল থেকে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ব্যাংকগুলোর জানালার কাচ ভেঙে যায়।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের লাজিম সরকারের মোড়ে পুলিশ ও হরতাল-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় আটটি যানবাহন ভাঙচুর করা হয়। আগের রাতে পৌর এলাকায় ফাটানো হয় ১২টি ককটেল। গৌরীপুর উপজেলায় পিকেটিংকালে ছাত্রদল ও যুবদলের পাঁচজন আটক হয়েছে।
নারায়ণগঞ্জের তারাব পৌরসভার যাত্রামুড়ায় যুবদলের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ১০ জন আহত হয়। আড়াইহাজারে ১৫-২০টি ককটেল ফাটানো হয়। পুলিশ দুজনকে আটক করেছে।
রাঙামাটির কাপ্তাইয়ে সেগুনবাগান এলাকায় মঙ্গলবার রাতে আটটি মাছবোঝাই ট্রাকে ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। ট্রাকগুলো কাপ্তাই জেটিঘাট থেকে মাছ নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল।
নরসিংদীতে পিকেটিংকালে পুলিশের লাঠিপেটায় সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবু তালেব, পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ও চরদিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি রশীদ মুন্সী আহত হন।
কুড়িগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পিকেটিংয়ের সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের দুই কর্মীকে মারধরও করেন হরতাল-সমর্থকেরা। নীলফামারীর দুহুলী বাজারে মোজামেঞ্চল হোসেন নামের এক আইনজীবীর মোটরসাইকেলে আগুন দিয়েছে পিকেটাররা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের একটি মার্কেট থেকে মঙ্গলবার রাতে ২৭টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব।
দিনাজপুর আদালতের এপিপি সিপিবির সাধারণ সম্পাদক মেহেরুল ইসলামের কার্যালয়ে ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। পুলিশ শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলা বাজারে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়। পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তিনটি টমটমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এরশাদুল হকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার ধুনটে গ্রেপ্তার হয়েছে তিনজন। চাঁদপুরে পিকেটিংকালে ১০ জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্রেপ্তার হয়েছে আরও দুজন।