ধাওয়া করেও রসু খাঁর সহযোগীকে ধরতে পারেনি পুলিশ
আত্মস্বীকৃত ক্রমিক খুনি রসু খাঁর এক সহযোগীকে ধাওয়া করেও ধরতে পারেনি পুলিশ। গতকাল সোমবার রসুকে নিয়ে চাঁদপুরের হাইমচরে একটি হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, এ সময় দুটি গুলির শব্দ শোনা যায়। তবে গুলি ছোড়ার কথা পুলিশ অস্বীকার করেছে।চাঁদপুর জেলা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশের উপপরিদর্শক ও হাইমচরে রসুর বিরুদ্ধে অজ্ঞাত নারী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. শহিদ উল্যাহ জানান, ‘হাইমচরে এক নারীকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি পুলিশ তাঁকে তিন দিনের রিমান্ডে নেয়। রিমান্ডের দ্বিতীয় দিনে আজ (গতকাল) সকালে রসুকে নিয়ে হাইমচরের কমলাপুর এলাকার একটি হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনের জন্য রওনা হয় পুলিশ। পথে দুপুর ১২টার দিকে সদর উপজেলায় রসুর নিজ গ্রাম মদনায় পৌঁছার পর সেখানে মদিনা মার্কেট এলাকায় রসু তাঁর সহযোগী স্থানীয় শফিক মেম্বারকে দেখিয়ে দেন। পুলিশ দেখে শফিক দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করতে পারেনি। এ সময় গুলির কোনো ঘটনা ঘটেনি। পরে সিআইডি পুলিশ রসুকে নিয়ে হাইমচর ও ফরিদগঞ্জে দুই নারী হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন শেষে চাঁদপুর ফিরে আসে।’