ধাওয়া খেয়ে ডোবায় ঝাঁপ যুবকের মৃত্যু
রাজধানীর ক্যান্টনমেন্টে ডোবায় পড়ে গত বৃহস্পতিবার জালাল হোসেন (২০) নামের এক যুবক মারা গেছেন। পুলিশ জানায়, জুতা চুরি করার অভিযোগে ওই যুবককে ধাওয়া দিলে তিনি ডোবায় পড়ে যান।ক্যান্টনমেন্ট থানার ওসি সালাউদ্দিন গতকাল শুক্রবার বলেন, ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় জুতা চুরির অভিযোগে কয়েকজন যুবক জালালকে ধাওয়া করেন। জালাল দৌড়ে প্রথমে একটি ঘরে ঢুকে পড়েন। পরে সেখান থেকে বের হয়ে একটি ডোবায় ঝাঁপ দিলে আর উঠতে পারেননি। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মধ্য রাতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।ওসি বলেন, এ ঘটনায় দুজনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গলায় ফাঁস: এদিকে গত বৃহস্পতিবার রাতে শ্যামপুরের রেললাইন বস্তি থেকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হনুফা বেগম (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। বাবা আবুল কালাম। সে গলাচিপায় স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তিন মাস আগে সে রেললাইন বস্তিতে তার খালার বাসায় বেড়াতে এসেছিল। প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কারণ জানা যায়নি।