বাসকে ঠেলে নিয়ে গেল ট্রেন, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেললাইন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসটিকে। ছবি: ফোকাস বাংলা
রেললাইন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসটিকে। ছবি: ফোকাস বাংলা

ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেনটি লেভেল ক্রসিং অতিক্রম করার আগেই রেল লাইনে উঠে যায় যাত্রীবাহী বাসটি। মুহূর্তেই বাসটির সামনের অংশে ধাক্কা লাগে ওয়াগনের। ঠেলতে ঠেলতে বাসটিকে রেল লাইনের ওপর প্রায় দেড় শ গজ নিয়ে যায়। পরে ওয়াগনটি থেমে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই নারী।
আজ সোমবার বেলা ১১টার দিকে নগরের ষোলোশহর দুই নম্বর গেট রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের আরোহী এবং পথচারী মিলে অন্তত ১০ জন কমবেশি আহত হয়। তাদের মধ্যে দুই শিশুসহ চারজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নিহত দুই নারীর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম বিবি মরিয়ম (৩৫)। তিনি নগরের হালিশহরের বাসিন্দা। তাঁর স্বামী মো. শাহদাত হোসেন মধ্যপ্রাচ্য প্রবাসী। তিনি নগরের শেরশাহ কলোনি থেকে শহর এলাকায় চলাচলকারী বিআরটিসির বাসে করে হালিশহরে ফিরছিলেন। তাঁর সঙ্গে তিন ছেলেও ছিল। তিন ছেলেও কমবেশি আহত হয়। তাদের মধ্যে বড় ছেলে সামি (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

একই হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হলেন মো. নূরুন্নবী (৬০), রত্না বেগম (৩৫) ও তাঁর ছেলে নোমান (৯)। ঘটনাস্থলে উপস্থিত সিএমপির পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, বাসটি গেট ফেলার আগেই লাইনে ওঠে যায়। ওয়াগনটি বাসটিকে ঠেলে লাইনের ওপর অন্তত শ দেড় শ গজ নিয়ে যায়। পুলিশ এবং স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নেওয়ার পর চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ষোলোশহর কর্ণফুলী শপিং কমপ্লেক্সের কর্মচারী মো. লিটন জানান, বেলা ১১টার দিকে একটি তেলবাহী ট্যাংকার লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এলে গেটম্যান গেট ফেলার চেষ্টা করেন। কিন্তু বিআরটিসি বাসটি গেটম্যানের নিষেধ অমান্য করে আগেই রেললাইনে ওঠে যায়। মুহূর্তেই বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে বাসটি লাইনের ওপর সোজাসুজি হয়ে ওয়াগনের মুখোমুখি হয়ে যায়। এর পর ওয়াগনটি বাসটিকে ঠেলতে ঠেলতে নিয়ে যায়। বাসটি উল্টে গেলে আরও বেশি প্রাণহানি ঘটত বলে তিনি আশঙ্কা করছেন।

বিবি মরিয়ম ও তাঁর তিন ছেলেকে হাসপাতালে নিয়ে যান লিটনই। তিনি বলেন, ট্রেন আসতে দেখে উনি ছেলে তিনজনকে দ্রুত নামিয়ে দেন। এর পর উনিও নেমে পড়েন। কিন্তু ধাক্কা দেওয়ার পর বাসটি ঘুরে গেলে মরিয়ম চাকায় পিষ্ট হন। অপর অজ্ঞাত মহিলাও একইভাবে বাসের চাকায় পিষ্ট হন।

ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেনটি লেভেল ক্রসিং অতিক্রম করার আগেই রেল লাইনে উঠে যায় যাত্রীবাহী বাসটি। মুহূর্তেই বাসটির সামনের অংশে ধাক্কা লাগে ওয়াগনের। ঠেলতে ঠেলতে বাসটিকে রেল লাইনের ওপর প্রায় দেড় শ গজ নিয়ে যায়। ছবি: ফোকাস বাংলা
ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেনটি লেভেল ক্রসিং অতিক্রম করার আগেই রেল লাইনে উঠে যায় যাত্রীবাহী বাসটি। মুহূর্তেই বাসটির সামনের অংশে ধাক্কা লাগে ওয়াগনের। ঠেলতে ঠেলতে বাসটিকে রেল লাইনের ওপর প্রায় দেড় শ গজ নিয়ে যায়। ছবি: ফোকাস বাংলা

আহত যাত্রী মো. নূরুন্নবী বাসের ভেতরেই ছিলেন। একইভাবে রত্না বেগম ও তাঁর ছেলে নোমানও বাসের ভেতরেই আহত হন। সাজিদ নামে এক যাত্রী বলেন, বাসটিকে যখন ঠেলে নিয়ে যাচ্ছিল তখন অনেক যাত্রী নামার চেষ্টা করে। আমিও নেমে যাই। আর যাঁরা ভেতরে ছিলেন তাঁরা এদিক-ওদিক পড়ে ব্যথা পান। একসময় ট্রেনটি থেমে গেলে যাত্রীরা নেমে পড়েন।

গেটম্যান হাবিবুর রহমান বলেন, নিষেধ অমান্য করে সে গেট ফেলার আগেই লাইনের কাছাকাছি চলে যায়। তাকে পিছিয়ে আসতে বলি। কিন্তু সে শোনেনি। ট্রেন যখন কাছাকাছি আসে তখন চালক জানালা দিয়ে নেমে পালিয়ে যায়।

ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, ওয়াগানটি বাসটিকে ঠেলে রেললাইনের পাশ ঘেঁষে অন্তত দেড় শ গজ নিয়ে যায়। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। কাচ ভাঙা। ইঞ্জিনের সামনের টিনের কভারটি খুলে পড়ে আছে। ক্রেন দিয়ে বাসটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বেলা দেড়টার দিকে বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়। পরে ওয়াগনটিও সরিয়ে নেওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শনে যান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক মঞ্জুরুল আলম। তিনি বলেন, ঘটনার জন্য দায়ী কে এবং এতে কারও দায়িত্ব অবহেলা ছিল কি না, তা জানতে চার সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির অপর তিন সদস্য হচ্ছেন বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, বিভাগীয় সিগন্যাল ও টেলিকমিউনিকেশন কর্মকর্তা মো. সেলিম ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) সাইফুল ইসলাম। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার প্রাথমিকভাবে এই ঘটনার জন্য বাস চালককে দায়ী করেন।