ধাক্কায় ছাত্রদের ওপর উঠে গেল মাইক্রোবাস, নিহত ২
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের কেওটখালী এলাকায় প্রাইভেট পড়ে বেড়িয়েছিল কয়েকজন ছাত্র। বিকেল সাড়ে পাঁচটা। তারা দলবেঁধে ঢাকা-মাওয়া সড়কের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় ওই সড়কের একটি মাইক্রোবাসকে হঠাৎ পেছন দিক থেকে ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাস। আর সেই ধাক্কায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। সেটি গিয়ে উঠে পড়ে ওই ছাত্রদের ওপর। এতে ছয়জন আহত হয়। তড়িঘড়ি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে আনার পরপরই আহত দুই ছাত্রকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বাকি চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ছাত্ররা হলো মো. শুভ (১৪) ও সৌরভ (১৪)। আহত ছাত্ররা হলো মোস্তাক, সিরাজুল ইসলাম, বাবুল ও মোজাম্মেল হোসেন। তারা কোন স্কুলের শিক্ষার্থী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শুভর মামা শহীদুলের ভাষ্য, আজ রোববার বিকেলে শুভ ও তার কয়েকজন সহপাঠী প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় বাস মাইক্রোবাসকে ধাক্কা মারায়, মাইক্রোবাসটি ওই ছাত্রদের চাপা দেয়। এরপর তাদের উদ্ধার করে ঢাকায় আনা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক দুই ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আহত চারজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহত দুই ছাত্রের লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।