ধাক্কায় তরুণ নিহত সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর চৌধুরীহাট এলাকায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাসের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।নিহত তরুণের নাম দীপু চন্দ্র (১৯)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি গ্রামের যামিনী চন্দ্রের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে নয়টার দিকে দীপু একটি বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কের সালন্দর চৌধুরীহাট এলাকায় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে দীপু ঘটনাস্থলেই মারা যান। বাসচালক মহাসড়কের মধ্যে বাসটি আড়াআড়ি ফেলে রেখে পালিয়ে যান। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ ও সালন্দর চৌধুরীহাট এলাকায় গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। শেষে ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনাস্থলে এসে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ট্রেন-ট্রলি সংঘর্ষকুড়িগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম নতুন শহরের ব্যাপারীপাড়া রেলক্রসিংয়ে একটি ট্রেন ও ট্রলির সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। তাঁরা হলেন, ট্রলির চালক সদর উপজেলার জোত গোবর্ধন গ্রামের ওয়াদুদ আলী (৩৫) এবং তাঁর দুই সহকারী পলাশবাড়ী পশ্চিমপাড়ার আবদুল কাদের (৩৭) ও রাসেল (২৫)। তাঁদের প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ট্রলিচালক ওয়াদুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।